ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের চিত্রকর্ম নিয়ে নিউ ইয়র্কে একটি নিলামের আয়োজন করা হয়। এতে ঠাঁই পাওয়া সবগুলো চিত্রকর্মই বিক্রি হয়ে গেছে।
চলতি বছরের ৯ জুন ৯৬ বছর বয়সে এই গুণী চিত্রশিল্পী মারা যান। মৃত্যুর পর গত মঙ্গলবার নিউ ইয়র্কে তার চিত্রকর্মের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে তোলা ১৩ চিত্রকর্মের সবক'টিই ৪২ লাখ মার্কিন ডলার বা ভারতীয় টাকার অংকে ১০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।
নিউ ইয়র্কের ক্রিস্টি নিলাম এফএম হুসেনের ১৩টি চিত্রকর্মের দাম হাঁকে ৭৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। শেষমেশ তা অর্ধেকেরও বেশি দামে বিক্রি হয়েছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়।
সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে সাত ফুট দৈর্ঘ্যে 'স্পার্কলিং হর্সেস' নামের একটি চিত্রকর্ম। এটি ৫ কোটি ৪০ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হয়।
এছাড়া 'যাত্রা' নামের আরেকটি চিত্র ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
সনাতন হিন্দু ধর্মের এক দেবীর বিতর্কিত ছবি আঁকার পর দুবাইয়ে নির্বাসিত জীবন যাপন করেন ভারতের পিকাসোখ্যাত এই প্রয়াত চিত্রশিল্পী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৮ ঘ.
bdnews24