ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুজ্বর। ডেঙ্গু মোকাবেলায় হিমশিম খাচ্ছে পাঞ্জাব সরকার।
পাকিস্তানের অন্যান্য অংশেও এ মহামারি ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন প্রদেশটির কর্মকর্তারা।
পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, গত দুই মাসে ৪ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্তত ৮ জন মারা গেছে।
ডেঙ্গুজ্বর পাকিস্তানে নতুন না হলেও এটা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সংকটজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
তারা জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, মশার সংখ্যা বেড়ে যাওয়া এবং সম্প্রতি প্রবল মৌসুমী বৃষ্টিপাতের কারণে প্রচুর পানি জমে যাওয়া এবং তাপমাত্রা হ্রাস পাওয়ায় ডেঙ্গুজ্বরের বাহক মশা বেড়ে রোগাক্রান্তের সংখ্যা বাড়ছে।
এডিস নামের এক ধরনের মশা ডেঙ্গুজ্বরের বাহক। সাধারণত জমে থাকা বদ্ধ পানিতে বংশ বিস্তার করে মশাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)'র তথ্য অনুসারে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের ৪ শতাংশ মারা যায়।
১৯৯৪ সালে পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বন্দর শহর করাচিতে প্রথম ডেঙ্গুজ্বর আক্রান্তের খবর পাওয়া যায়।
পাঞ্জাবের স্বাস্থ্য সচিব জেহানজেব খান জানান, এ বছর ৪ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুজ্বর আক্রান্ত হয়েছে।
বিগত বছরগুলোর চেয়ে এ সংখ্যা অনেক বেশি।
আক্রান্তদের ৩ হাজার ৫শ' জন লাহোরের বাসিন্দা বলে জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৬৩০ঘ.
bdnews24