২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় পেট্রোলের আগুনে নিহত শতাধিক

কেনিয়ার রাজধানী নাইরোবির এক বস্তিতে পেট্রোল পাইপলাইন বিস্ফোরণে ১শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অগ্নিদগ্ধ আরো প্রায় ১শ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ পর্যন্ত ৬১ টি লাশ উদ্ধার হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

নাইরোবি, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার রাজধানী নাইরোবির এক বস্তিতে পেট্রোল পাইপলাইন বিস্ফোরণে ১শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অগ্নিদগ্ধ আরো প্রায় ১শ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ পর্যন্ত ৬১ টি লাশ উদ্ধার হয়েছে। পুলিশের মুখপাত্র চার্লস ওইনো রয়টার্সকে বলেন, "আমরা এ পর্যন্ত ৬১ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছি। আরো লাশ উদ্ধার করা হচ্ছে।" স্থানীয় গণমাধ্যম সোমবার এক প্রতিবেদনে জানায়, বস্তি এলাকায় একটি খোলা নর্দমায় ফেলা সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে। পেট্রোল পাইপলাইনটি গেছে এ এলাকার ওপর দিয়েই। বস্তিবাসীরা ফেটে যাওয়া পাইপ থেকে চুইয়ে পড়া তেল সংগ্রহের সময় কেউ নর্দমায় সিগারেট ছুড়ে ফেললে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ছড়িয়ে পড়ে আগুন। পুলিশ জানিয়েছে, বেশ কিছু মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তবে কর্তৃপক্ষ আগুন নেভাতে ব্যস্ত থাকায় সরকারি হিসাব পাওয়া যায়নি। স্থানীয় টেলিভিশনে বস্তিতে আগুন জ্বলার দৃশ্য এবং আগুনে পোড়া লাশ দেখা গেছে। বস্তিবাসীদের অনেকেরই হাত, মুখ ঝলসে গেছে। ঘটনাস্থলে উপস্থিত এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কেনিয়ার সিটিজেন টেলিভিশন জানায়, তিনি ১২০টিরও বেশি লাশ গুনেছেন। ওদিকে, ক্যাপিটাল এফএম রেডিও লাশের সংখ্যা ১৫০ এরও বেশি বলে জানিয়েছে। হাসপাতালে নেওয়া হয়েছে ৮০ জনেরও বেশি মানুষকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৪ঘ.