ত্রিপোলি, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খেলাধুলাকে অপ্রয়োজনীয় বলে মনে করতেন লিবিয়ার ক্ষমতাচ্যুত পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি। তার ৪২ বছরের শাসনে ধ্বংস হয়ে যায় দেশটির ক্রীড়াঙ্গণ। কারণ তিনি খেলাধুলা সম্পর্কে তেমন ওয়াকিবহাল ছিলেন না আর বিশেষভাবে তারকা খেলোয়াড়দের পছন্দ করতেন না।
স¤প্রতি রয়টার্সের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান লিবিয়ার জাতীয় অলিম্পিক কমিটির নির্বাহী প্রধান নাবিল এলালেম।
তিনি জানান, ভালো খেলে কেউ তারকা হয়ে উঠলে জাতীয় আলোচনার কেন্দ্র থেকে নিজে সরে যেতে পারেন বলে শঙ্কায় ভুগতেন গাদ্দাফি। তার চার দশকের শাসনামলে দেশের অন্যান্য খাতের মতোই ক্রীড়াঙ্গণও দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। এর সঙ্গে ছিল ভ্রমণ নিষেধাজ্ঞা ও তহবিল স্বল্পতার মতো স্থায়ী সমস্যা।
নাবিল বলেন, "তিনি (গাদ্দাফি) তারকাদের পছন্দ করতেন না। যেমন, এক সময় নিয়ম করা হলো টেলিভিশনে খেলা প্রদর্শনকালে খেলোয়াড়দের নামোল্লেখ করা যাবে না, শুধু তাদের জার্সি নম্বর উল্লেখ করা যাবে।"
"গাদ্দাফি খেলাধুলা সম্পর্কে কিছু জানতেন না। 'এটা অপ্রয়োজনীয়, এটার দরকার কি?' বলতেন তিনি।"
"তিনি সন্ত্রাসের পেছনে কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত ছিলেন, কিংবা তাকে নিয়ে কেউ গান রচনা করলে পুরস্কৃত করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু খেলাধুলার জন্য কিছু করতে প্রস্তুত ছিলেন না।"
বর্তমানে নাবিল লিবিয়ার অলিম্পিক কমিটির যে পদে আছেন সে পদে এক সময় গাদ্দাফির বড় ছেলে মোহাম্মদ ছিলেন। মোহাম্মদ বর্তমানে আলজেরিয়ায় আত্মগোপন করে আছেন।
মোহাম্মদ কোনো যোগ্যতা ছাড়াই লোকজন নিয়োগ দিতো বলে জানান নাবিল। নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা ছিলো "আমি (মোহাম্মদ) তোমাকে খুব ভালোভাবে চিনি, তুমি আমাদের পরিবারের অংশ অথবা বন্ধুর পরিবারের", জানান তিনি ।
গাদ্দাফির শাসনামলে তার পরিবারের সদস্যরা ও তার ক্ষমতার ঘনিষ্ঠ অংশীদাররাই লিবিয়ার সব উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫০ ঘ.
bdnews24