বাগদাদ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের যুক্তরাষ্ট্র-বিদ্বেষী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদর তার অনুসারীদের মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধের ডাক দিয়েছেন।
এ বছরের শেষ নাগাদ নির্ধারিত সময়সীমা অনুযায়ী মার্কিন সেনাদের নির্বিঘেœ ইরাক ছাড়ার সুযোগ করে দিতেই রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান সদর। সদরের মুখপাত্র সালাহ আল-উবাইদি বিবৃতিটি পড়ে শোনান।
এতে বলা হয়েছে, এ বছরের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ না হওয়া পর্যন্ত তাদের ওপর কোনো হামলা নয়।
কিন্তু মার্কিন বাহিনী নির্ধারিত সময়ে ইরাক ছেড়ে না গেলে তাদের ওপর আবার নতুন করে হামলা শুরু হবে এবং তা খুবই মারাত্মক হবে বলেও হুঁশিয়ার করেছেন সদর।
বিবৃতিতে বলা হয়েছে, " ইরাক থেকে আগ্রাসী বাহিনী প্রত্যাহার এবং ইরাকের স্বাধীনতার জন্য আমরা অধীর হয়ে আছি। আর তাই তারা পুরোপুরি ইরাক ছেড়ে চলে না যাওয়া পর্যন্ত তাদের ওপর হামলা বন্ধ রাখা আমার জন্য অত্যাবশ্যক।"
চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে। সদরের মেহদি মিলিশিয়ারা ২০০৮ সাল পর্যন্ত মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এসেছে।
এরপর মেহদি মিলিশিয়ার তৎপরতা অনেকটা থিতিয়ে এলেও তাদের কয়েকটি ছোট ছোট গ্র"প এখনো মার্কিন সেনাদের ওপর হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
ওদিকে, সদরও গত মাসে সতর্ক করে দিয়ে বলেছিলেন, মার্কিন সেনারা ২০১১ সালের পরও ইরাকে থাকলে হামলার লক্ষ্য হবে।
উল্লেখ্য, ২০১১ সাল পর্যন্ত ইরাকে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষক হিসেবে মার্কিন বাহিনীকে রাখার জন্য দেশটির রাজনৈতিক নেতারা আলোচনা করে যাচ্ছেন।
২০০৩ সালে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার জন্য ইরাকে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। দীর্ঘ আট বছর পর ইরাকি সেনারা অভ্যন্তরীন হুমকি মোকাবেলার সামর্থ্য অর্জন করলেও তাদের বিমান ও নৌ প্রতিরক্ষা এবং কিছু প্রচলিত ভারী অস্ত্র চালনার প্রশিক্ষণ দরকার বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৩ঘ.
bdnews24