২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সঙ্গে শান্তিচুক্তি অটুট থাকবে: নেতানিয়াহু

দূতাবাসে হামলার পরও মিশরের সঙ্গে শান্তি চুক্তি অটুট থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

কায়রো, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূতাবাসে হামলার পরও মিশরের সঙ্গে শান্তি চুক্তি অটুট থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিশরের রাজধানী কায়রোতে শুক্রবার ইসরায়েলি দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর নেতানিয়াহু একথা জানালেন। বিবিসি এ খবর দিয়েছে। ওই হামলার জেরে মিশরে নিয়োজিত প্রায় সব দূত প্রত্যাহার করে নেয় ইসরায়েল। ওদিকে, সতর্ক অবস্থান নেয় মিশর। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করা হবে বলে জানিয়েছে মিশর। গত মাসে গাজা সীমান্তে সহিংসতার পর থেকে মিশরীয়দের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব বাড়ছে। কিন্তু এ পরিস্থিততেও টেলিভিশনে স¤প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, "মিশরের সঙ্গে শান্তি চুক্তি অটুট রাখবে ইসরায়েল।" তিনি আরো বলেন, "কায়রোতে খুব শিগগির আমাদের রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো নিয়ে মিশরের সঙ্গে কাজ করছি আমরা। রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মীদের জন্য নিরাপত্তার ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করতে হবে।" দূতাবাসে হামলার পর শুক্রবার রাষ্ট্রদূত ইতজাক লেভানন ও প্রায় সব ইসরায়েলি কূটনীতিককে মিশর থেকে প্রত্যাহার করে নেয়া হয়। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেইসঙ্গে দূতাবাসের কোনো কর্মকর্তা কর্মচারী হতাহত না হওয়ায় স্বস্তিও প্রকাশ করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫০ঘ.