ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যারল্ড পিন্টারের নামে লন্ডনের একটি ঐহিত্যবাহী থিয়েটার হলের নামকরণ করা হচ্ছে। থিয়েটার হলটির বর্তমান নাম কমেডি থিয়েটার।
অ্যারিয়েল ডর্ফম্যানের 'ডেথ অ্যান্ড দ্য মেইডেন' নাটকের মধ্য দিয়ে চলতি বছরের অক্টোবরে হ্যারল্ড পিন্টার থিয়েটার হলের উদ্বোধন করা হবে বলে বিবিসি জানায়।
থিয়েটার মিলনায়তনটির স্বত্ত্বাধিকারী 'অ্যাম্বাসেডর থিয়েটার গ্র"প (এটিজি) জানায়, "ব্রিটিশ থিয়েটারে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে" তারা এ কাজটি করছে।
গত ২১ বছরে থিয়েটার হলটিতে পিন্টারের হোমকামিং, নো ম্যানস ল্যান্ড, মুনলাইট, দ্য হটহাউস ও কেয়ারটেকার উইথ মাইকেল গ্যাম্বনসহ সাতটি নাটক প্রদর্শন করেছে।
এটিজি' যুগ্ম প্রধান নির্বাহী ও শিল্প পরিচালক হাওয়ার্ড পান্টার বলেন, "পিন্টারের কাজগুলো কমেডি থিয়েটারের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।"
তিনি আরো বলেন, "এ পুনঃনামকরণের মাধ্যমে ওয়েস্ট ইন্ড এমন একজন মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে যিনি তার ৫০ বছরের ক্যারিয়ারে ব্রিটিশ থিয়েটারকে অনেক উঁচুতে নিয়ে গেছেন এবং একজন আধুনিক ব্রিটিশ প্রভাবশালী নাট্যকারদের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন।"
হ্যারল্ড পিন্টারের নামে কমেডি থিয়েটারের পুনঃনামকরণে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার স্ত্রী অ্যান্টোনিয়া ফ্রেসার।
১৯৩০ সালে পূর্ব লন্ডনে জন্ম গ্রহণ করেন এ ব্রিটিশ নাট্যকার। তিনি ৩২টি নাটক, ২২টি চিত্রনাট্য লিখেছেন এবং ৩৬টি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন।
২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী নাট্যকার, অভিনেতা, পরিচালক ও রাজনৈতিককর্মী হ্যারল্ড পিন্টার ২০০৮ সালের ২৫ ডিসেম্বর মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫০ ঘ.
bdnews24