২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচীন গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান

অস্ট্রিয়ায় প্রাচীন রোমান গ্ল্যাডিয়েটর যোদ্ধাদের একটি প্রশিক্ষণকেন্দ্রের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে প্রতœতত্ত্ববিদেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রিয়ায় প্রাচীন রোমান গ্ল্যাডিয়েটর যোদ্ধাদের একটি প্রশিক্ষণকেন্দ্রের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে প্রতœতত্ত্ববিদেরা। রাজধানী ভিয়েনার পূর্ব দিকে রাডারের সাহায্যে প্রাপ্ত ছবির মাধ্যমে তারা এই প্রাচীন স্থাপনাটি খুঁজে পান বলে জানিয়েছে বিবিসি। ১৭শ' বছর আগে অস্ট্রিয়া রোমান সাম্রাজ্যে কারনানটাম নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি ছিলো। এ শহরের একটি অংশ জুড়ে ছিলো এই প্রশিক্ষণ কেন্দ্রটি। স্থানটিতে এখনো কোনো ধরনের খনন শুরু হয় নি। তবে রাডারের মাধ্যমে পাওয়া ছবিগুলোতে দেখা যায়, ওই চত্বরের চারপাশ জুড়ে থাকা পুরু দেয়ালের মধ্যে যোদ্ধাদের জন্য ৪০টি কুঠুরি রয়েছে। ছবিগুলোতে প্রশিক্ষণের জন্য একটি এবং গোসলের স্থান হিসেবে ব্যবহৃত অপর একটি বিশাল চত্বর চিহ্নিত করা সম্ভব হয়েছে। এছাড়া দেয়ালের বাইরে যোদ্ধাদের সমাধিক্ষেত্র রয়েছে বলে মনে করছেন প্রতœতত্ত্ববিদরা। লোয়ার অস্ট্রিয়া প্রদেশের গভর্নর আরউইন পাওয়েল বলেন, এটি আক্ষরিক অর্থে সারাবিশ্বের জন্যই রোমাঞ্চকর। ১৭শ' বছর আগে এ শহরটিতে অন্তত ৫০ হাজার মানুষ বসবাস করতো বলে মনে করা হয়। রোমান সাম্রাজ্যের এশীয় সীমানা ও উত্তর ইউরোপীয় অঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষা করতো এ শহরটি। সংশ্লিষ্টরা বলছেন, প্রাচীন রোমের সবচেয়ে বড় গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ কেন্দ্র লুডাস ম্যাগনাসের প্রতিদ্বন্দ্বী ছিলো নতুন পাওয়া এ কেন্দ্রটি। খুঁজে পাওয়া স্থাপনাটির উল্লেখযোগ্য অংশ হলো এর চত্বরে স্থাপিত কাঠের তৈরি একটি মোটা স্তম্ভ। প্রশিক্ষণের সময় এটিকে প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হতো। অস্ট্রিয়ার রোমিশ-গার্মানিশেস সেন্ট্রাল মিউজিয়াম বলছে, স্থাপনাটির ত্রিমাত্রিক চিত্রে দেখা যায় এটি ব্যারাক ও কারাগারের মিশেলে তৈরি। গ্ল্যাডিয়েটর যোদ্ধাদের বেশিরভাগই সাধারণত যুদ্ধবন্দী অথবা দাস ছিলো। বিশাল এ প্রাচীন নগরীর মাত্র এক শতাংশ খনন করা হয়েছে। ১৮৭০ সাল থেকে বিভিন্ন সময়ে এখানে খনন কাজ হয়েছে। গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ কেন্দ্রটিতে খনন কাজ শুরু করার পরিকল্পনা চূড়ান্ত না করলেও শিগগিরই কাজটি শুরু হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০২ ঘ.