২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চায় আইসিসি

মুয়াম্মার গাদ্দাফিকে গ্রেপ্তারে 'রেড নোটিশ' জারি করতে ইন্টারপোলের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফিকে গ্রেপ্তারে 'রেড নোটিশ' জারি করতে ইন্টারপোলের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সিএনএন'র এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের হগ ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট-আইসিসি'র প্রধান আইন কর্মকর্তা লুইস মোরেনো-ওকাম্পো বৃহস্পতিবার বলেছেন, "গাদ্দাফিকে গ্রেপ্তার এখন সময়ের দাবি।" গাদ্দাফির পাশাপাশি তার ছেলে সাইফ আল-ইসলাম, শ্যালক আব্দুল্লাহ আল- সেনুসির বিরুদ্ধেও রেড নোটিশ জারির জন্য বলেছে আইসিসি। লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতার জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ২৭ জুন ছেলে ও শ্যালকসহ গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। রেড নোটিশের আওতায় অপরাধীদের ধরে আইসিসির কাছে হস্তান্তরের জন্য গ্রেপ্তারি পরোয়ানার এলাকা বিস্তৃত করতে পারবে ইন্টারপোল। ক্ষমতাচ্যুৎ গাদ্দাফি এখন কোথায় আছেন সে বিষয়টি স্পষ্ট নয়। ২৩ অগাস্ট ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ড দখলের পর তাকে খুঁজছে লিবিয়ার অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) যোদ্ধারা। লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের ত্রিপোলি সামরিক পরিষদের এক মুখপাত্র বলেছেন, গাদ্দাফিবিরোধী যোদ্ধারা তার ব্যাপারে সজাগ রয়েছে। তার পালানোর কোনো সুযোগ নেই। তবে গাদ্দাফির অবস্থান নিয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। এনটিসির সদস্য আব্দালাহ কেনশিল বলেছেন, গাদ্দাফির দুই ছেলেকে বনি ওয়ালিদে দেখা গেছে। রাজধানী ত্রিপোলির দেড়শ' কিলোমিটার দক্ষিণপূর্বের এই শহরটি এখনো গাদ্দাফি অনুগতদের নিয়ন্ত্রণে রয়েছে। বনি ওয়ালিদে গাদ্দাফি সমর্থক উপজাতীয় গোত্রগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন কেনশিল। গাদ্দাফি নাইজারে পালিয়ে গেছেন বলে স¤প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ হয় তা নাকচ করে বৃহস্পতিবার গাদ্দাফি বলেছেন, তিনি লিবিয়াতেই আছেন। লিবিয়া ছেড়ে যাবেন না। সিরিয়ার অ্যারাই টেলিভিশনে স¤প্রচারিত টেলিফোন ভাষণে গাদ্দাফি বলেন, "আমরা আমাদের পিতৃপুরুষের ভূমি ছাড়বো না। ত্রিপোলির ইঁদুরদের প্রতিহত করতে এবং ওই ভাড়াটে যোদ্ধাদের ধ্বংস করতে যুবকরা এখন প্রস্তুত রয়েছে।" এনটিসির বিরুদ্ধে রুখে দাঁড়াতে লিবিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে গাদ্দাফি বলেন, "লিবিয়ার ভূমি লিবিয়ার জনগণের। যারা আপনাদের কাছ থেকে তা কেড়ে নিতে চাইছে তারা অযাচিত, ভাড়াটে, বিপথগামী কুকুর।" সোমবার প্রায় আড়াইশ' লিবীয় সাঁজোয়া যানের একটি বহর পার্শ্ববর্তী দেশ নাইজারে যায়। ওই বহরে গাদ্দাফি নাইজারে পালিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে গাদ্দাফি লিবিয়ায় আছেন কি না তা নিয়ে সব মহলে ব্যাপক জল্পনা-কল্পনা দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৪৬ ঘ.