আগাদেজ, নাইজার, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফি নাইজারে আশ্রয়প্রার্থী হলে তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে দ্বিধান্বিত দেশটির কর্মকর্তারা।
নাইজার জানিয়েছে, সত্যিই যদি গাদ্দাফি আশ্রয়প্রার্থী হয়ে নাইজারে আসে তা হলে গাদ্দাফির বিষয়ে কি করা হবে সে বিষয়টি বিবেচনা করছেন তারা।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে জানান, পর্যালোচনা করে নাইজার সরকার ঠিক করবে, তারা গাদ্দাফিকে আশ্রয় দেবে, না তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সোপর্দ করবে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত লিবিয়ার কর্তৃপক্ষ গাদ্দাফিকে গ্রহণ না করার জন্য নাইজারকে অনুরোধ করেছে।
স¤প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, অনুগত সেনা বহর নিয়ে লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার নাইজারে চলে যেতে পারেন।
অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছেন গাদ্দাফি। সিরিয়ার একটি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া বক্তব্যে গাদ্দাফি ওই খবরকে মিথ্যা বলে অভিহিত করেছেন। লিবিয়ার কোন জায়গা থেকেই টেলিফোন কলটি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এসময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গাদ্দাফি বলেন, তার বাহিনী ন্যাটো ও বিদ্রোহীদের অন্তর্বর্তী জাতীয় পরিষদকে পরাজিত করবে।
অন্যদিকে, গাদ্দাফি নাইজারে আছেন কিনা তা নিশ্চিত হতে দেশটিতে দূত পাঠিয়েছে লিবিয়ার নতুন কর্তৃপক্ষ। বিদ্রোহীদের অন্তর্বর্তী জাতীয় পরিষদের (এনটিসি) রাজনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান ফাথি বাজা বেনগাজিতে রয়টার্সকে জানিয়েছেন, গাদ্দাফিকে আশ্রয় না দেওয়ার জন্য অন্তর্বর্তী পরিষদের পক্ষ থেকে তারা সব দেশকে অনুরোধ জানাচ্ছেন।
তিনি বলেন, তারা ধারণা করছেন গাদ্দাফি নাইজার অথবা আলজেরিয়ার সীমান্তের কাছাকাছি কোথাও লুকিয়ে থেকে সরে পড়ার অপেক্ষা করছেন।
"তিনি পালানোর সুযোগ খুঁজছেন," বলেন বাজা।
গাদ্দাফির প্রকৃত অবস্থান এখনো অজ্ঞাতই রয়ে গেছে। এনটিসি'র অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তিনি চলতি সপ্তাহজুড়ে দক্ষিণ লিবিয়ার সাহারা মরুভূমির একটি এলাকা গাদ্দাফির খোঁজে চষে বেড়ান, কিন্তু তার কোন হদিস পান নি।
এনটিসি'র অনেক কর্মকর্তাই মনে করেন, উত্তর লিবিয়ায় গাদ্দাফি অনুগতদের সর্বশেষ ঘাঁটি বনি ওয়ালিদেই গাদ্দাফি তার দুই ছেলেসহ অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের সেনা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, গাদ্দাফির দেশ ছাড়ার কোন ইঙ্গিত কোথাও পায় নি তারা ।
যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, তারা নাইজার, মালি, মৌরিতানিয়া, চাদ ও বার্কিনা ফাসোর সরকারগুলোর সাথে যোগাযোগ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশগুলোকে তাদের সীমান্ত নিরাপত্তা বাড়ানো, গাদ্দাফির অনুগত কর্মকর্তাদের আটক করে তাদের নিরস্ত্র করা ও তাদের কাছে লিবিয়া থেকে চুরি করা কোন সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩০০ ঘ.
bdnews24