২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের অভিযোগে ভারতীয় এমপি আটক

বিরোধী এমপিদের ঘুষ দেওয়ার অভিযোগে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্য সভার সদস্য অমর সিংকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী এমপিদের ঘুষ দেওয়ার অভিযোগে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্য সভার সদস্য অমর সিংকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ২০০৮ সালের পার্লামেন্টে আস্থা ভোটে অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন এমপিকে ঘুষ দিয়েছিলেন। তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের শরিক দল সমাজবাদী পার্টির এমপি ছিলেন অমর। এর আগে ঘুষ নেওয়ার অভিযোগে বিজেপির সাবেক এমপি ফাগান সিং কুলাস্তে ও মহাবীর ভাগোরাকে আটক করা হয়। বিজেপির অন্য এমপি অশোক আরগল বর্তমান এমপি হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার স্পিকারের সম্মতির অপেক্ষায় আছে পুলিশ। গত মার্চে উইকিলিকসের ফাঁস করা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তায় এ ঘুষ লেনদেনের বিষয়টি উঠে আসার পর এ নিয়ে হৈ চৈ হয়। ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু চুক্তির পক্ষে সমর্থন আদায়ের জন্য প্রত্যেক এমপিকে ২৫ লাখ মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়। ২০০৮ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই পরমাণু চুক্তি নিয়ে বিরোধিতার জের ধরে ইউপিএ জোট সরকার থেকে বাম ফ্রন্ট সমর্থন তুলে নিলে সে বছর ২২ জুলাই পার্লামেন্টে আস্থা ভোট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৮২৬ ঘ.