ত্রিপোলি, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও লিবিয়ার বিদ্রোহীদের সাথে লড়াইরত গাদ্দাফির কাছে চীনের অস্ত্র বিক্রির চেষ্টা নিয়ে খবর প্রকাশের দুদিনের মধ্যেই বোমা ফাটালেন লিবিয়ার বিদ্রোহীদের অর্ন্তর্বতী জাতীয় পরিষদের নেতারা। তাদের দাবি, শুধু চীন নয়, ইউরোপ থেকেও অস্ত্র পেত গাদ্দাফি।
চলতি বছর গাদ্দাফি জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্যকারী অস্ত্র ব্যবসায়ী চীনা প্রতিষ্ঠানগুলো ছাড়াও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও অস্ত্র ক্রয় করেছিলেন, এমন প্রমাণ তাদের কাছে রয়েছে বলে দাবি করেছেন ওই নেতারা।
তাদের দাবি, এর মধ্যে অনেক অস্ত্রের চালানই আলজেরিয়া হয়ে গাদ্দাফির কাছে পৌঁছায়।
ত্রিপোলিতে সোমবার রয়টার্সের কাছে দেওয়া সাক্ষাৎকারে লিবিয়ার অর্ন্তর্বতী জাতীয় পরিষদের (এনটিসি) নেতারা এসব কথা বলেন।
এ সময় তারা গাদ্দাফির 'লাইফলাইন' হিসেবে কাজ করার জন্য আলজেরিয়াকে অভিযুক্ত করেন। বিদ্রোহীদের সাথে গাদ্দাফি বাহিনীর গত ছয়মাসব্যাপী যুদ্ধকালে আলজেরিয়া গাদ্দাফিকে অতি প্রয়োজনীয় সাজসরঞ্জাম ও যোদ্ধা সরবরাহ করতো বলে অভিযোগ করেন তারা।
এনটিসি'র সামরিক মুখপাত্র আব্দুল রহমান বুসিন বলেন, "আমরা ত্রিপোলি থেকে এ বিষয়ে মূল নথিপত্রসহ আরো বিভিন্ন জায়গা থেকে প্রমাণ সংগ্রহ করেছি। এগুলো থেকে দেখা যায়, বেশ কয়েকটি দেশই গাদ্দাফির কাছে ভারী ও হাল্কা অস্ত্রশস্ত্র সরবরাহ করেছিল, এমন কি তাদের মধ্যে কয়েকটি দেশ গোয়েন্দা কর্মকর্তাও পাঠিয়েছিল।"
গাদ্দাফির পতন হওয়ার আগেই অস্ত্রগুলো লিবিয়ায় পৌঁছেছিল কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন বলে জানান। নথিপত্রে আমদানী করা অস্ত্রের যে বর্ণনা দেওয়া আছে তা হচ্ছে প্রায় ২০ কোটি ডলারের আগ্নেয়াস্ত্র, গুলি ও রকেট। এগুলো আলজেরিয়া হয়ে লিবিয়ায় আসার কথা রয়েছে।
"বেশ কয়েকটি উৎস থেকেই গাদ্দাফির কাছে অস্ত্র আসতো। যুদ্ধক্ষেত্রে আমরা গাদ্দাফি বাহিনীর এমন সব অস্ত্র অস্ত্রের মুখোমুখি হয়েছি যেগুলো আগে গাদ্দাফির কাছে ছিল না," বলেন বুসিন।
তবে বুসিন ও এটিসির অন্যান্য নেতারা জানান, যে দেশগুলো থেকে অস্ত্র আমদানী করা হয় সে দেশগুলোর সরকার এবং এমনকি অনেক ক্ষেত্রে উৎপাদনকারীরাও জানতো না যে অস্ত্রগুলো লিবিয়ায় জন্য আমদানী করা হচ্ছে। এসব আমদানী অনেকক্ষেত্রেই তৃতীয়পক্ষের মাধ্যমে করা হয়েছে বলে জানান তারা।
চীন ছাড়াও পূর্ব ইউরোপের কয়েকটি দেশকে তারা সন্দেহ করছেন বলে জানান বুসিন। তবে পশ্চিম ইউরোপের দেশগুলোর সরবরাহকারীরাও এর সাথে জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে ন্যাটোভুক্ত দেশগুলোর সরবরাহকারীরা হয়তো জড়িত নয় বলেই ভাবছেন তারা।
এদিকে, চীন সোমবার জানিয়েছে, গত জুলাইতে চীনা কর্তৃপক্ষের অগোচরে গাদ্দাফির কয়েকজন প্রতিনিধি চীনা অস্ত্র সরবরাহকারীদের সাথে যোগাযোগ করেছিল। তবে চীনের কোন প্রতিষ্ঠান তাদের সাথে অস্ত্র বিক্রয়ের কোন চুক্তি করে নি বা গাদ্দাফিকে কোন সামরিক সরঞ্জাম সরবরাহ করেনি বলে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জিয়াঙ ইয়ু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৬ ঘ.
bdnews24