ডেট্রয়েট, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের রিপাকলিকান সদস্যদের প্রতি দেশপ্রেমের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন।
আগামী বৃহস্পতিবার কংগ্রেসে গুরুত্বপূর্ণ 'কর্ম পরিকল্পনা' নিয়ে ভাষণ দেবেন ওবামা। তার আগে সোমবার ডেট্রয়েটের ভাষণে তিনি বেকারত্ব হ্রাসে তার পরিকল্পনার কিছু দিক তুলে ধরেন।
তিনি বলেন, "আমেরিকানদের কাজে ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার আমরা কংগ্রেসে একটি নতুন পরিকল্পনা পেশ করব, এর মাধ্যমে আমেরিকার অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠবে।"
রাস্তাঘাট পুনর্নিমাণ, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ওবামা।
তিনি আরো বলেন, "করার মতো অনেক কাজ রয়েছে, আর শ্রমিকেরা কাজ করার জন্য প্রস্তুত হয়ে আছে, ব্যবসা প্রস্তুত হয়ে আছে, এখন দরকার কংগ্রেসকে প্রস্তুত করা।"
ওবামার ইঙ্গিত পরিষ্কার। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যদের প্রতি ইঙ্গিত করেই তিনি এ কথা বলেছেন।
২০১০ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা ডেমক্রেটদের হাতছাড়া হয়ে রিপাবলিকানদের দখলে চলে যাওয়ার পর থেকেই হোয়াইট হাউজের সাথে রিপাবলিকানদের বিভিন্ন বিষয়ে বিবাদ সৃষ্টি হচ্ছে।
ওবামার সব পরিকল্পনাতেই বাধা দিচ্ছে কট্টরপন্থী রিপাবলিকানরা।
'কর্ম পরিকল্পনা' প্যাকেজে রিপাবলিকানদের ঝামেলা তৈরির সম্ভাবনা মাথায় রেখে ওবামা বলেন, "কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের কাছে দেশ আগে না দল আগে, তা আমরা দ্রুতই দেখতে পাব।"
এছাড়া কর্মজীবী পরিবারগুলোকে কর ছাড় দেওয়ারও পরিকল্পনা করা হয়েছে বলে জানান ওবামা। এর মাধ্যমে সাধারণ আমেরিকানদের আর্থিক সামর্থ্য বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন তিনি।
এক্ষেত্রেও রিপাবলিকানদের আক্রমণ করে ওবামা বলেন, "তেল কোম্পানির কর হ্রাসের জন্য যেমন কঠিন লড়াই করেন, মধ্যবিত্ত পরিবারগুলোর জন্যও আপনারা তেমন কঠিন লড়াই করতে পারেন, প্রমাণ করুন।"
ওবামা 'কর্ম পরিকল্পনা' প্যাকেজ নিয়ে আগামী বৃহস্পতিবার কংগ্রেসে যে ভাষণ দেবেন তা জাতীয়ভাবে সরাসরি স¤প্রচার করা হবে যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে।
ডেট্্রয়েটের উৎফুল্ল শ্রমিক ইউনিয়নের সমাবেশে ওবামা রিপালিকানদের চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "আপনাদের কোন পরিকল্পনা থাকলে তা প্রকাশ করুন। এখন সময় প্রকৃতই কিছু করার।"
যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলনের ব্যাপক সমর্থনই ২০০৮ সালে ওবামাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সফল হতে সাহায্য করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩০ ঘ.
bdnews24