সপোত, পোল্যান্ড, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চেয়ে জাতিসংঘে ফিলিস্তিনের আবেদনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সরকারগুলো ইউনিয়নের একক নীতি গ্রহণের আর্জি জানালেও সরকারগুলোর রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর পার্থক্যের কারণে এ উদ্যেগ ভেস্তে যেতে বসেছে।
বিভক্তি কাটানোর লক্ষ্যে শুক্রবার পোল্যান্ডের একটি অবকাশ কেন্দ্রে অনানুষ্ঠানিক আলোচনায় বসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিচেল স্পিনডেলেগজার জানান, "এখনও পর্যন্ত ইইউ'র সদস্য রাষ্টগুলোর অবস্থান অভিন্ন নয়। তবে আমরা জাতিসংঘে সমন্বিত একটি বার্তা পাঠাতে পারবো বলেই প্রত্যাশা করছি।"
তিনি বলেন, স্পর্শকাতর এ বিষয়ে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশের পক্ষ থেকে সাধারণ ভাষ্য হিসেবে মধ্যপ্রাচ্য বিষয়ে ইইউ'র পূর্ববর্তী বিবৃতিটিই ব্যবহার করা যেতে পারে।
তবে ইইউ'র কয়েকটি সদস্য দেশ এ প্রস্তাবের বিরোধিতা করছে বলে আলাদাভাবে জানিয়েছেন ইইউ'র কয়েকজন কূটনীতিক ।
ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনে রাষ্ট্র হিসেবে জাতিসংঘ পূর্ণ সদস্যপদ চাওয়ার কথা ঘোষণা করেছে ফিলিস্তিন। গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালম।
তবে প্রস্তাবটির বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের 'ভেটো' দেওয়ার ঘোষণায় জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের আবেদন সফল হওয়ার সম্ভবনা খুব কম।
যুক্তরাষ্ট্রের ভেটোর ফলে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ দাবির বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি বাতিল হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের ভেটোর পরেও জাতিসংঘে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে ফিলিস্তিন।
তাতে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের দাবীর বিষয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
তবে, জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণসদস্যপদ প্রশ্নে কোন ভোটাভুটি হলে তাতে ২৭ সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো কেউ ফিলিস্তিনের পক্ষে কেউ বিপক্ষে ভোট দিলে তা ইউরোপীয় ইউনিয়নের জন্য খুব বিব্রতকর হয়ে উঠতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোন জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিেেসব স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইইউ'র অবস্থা কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখনও সময় আছে। একইসঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মধ্যস্থতা করার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
তিনি সাংবাদিকদের বলেন, "আলোচনা কিভাবে চালিয়ে নেয়া যায় সে বিষয়ে আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। একটি সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে আবার আলোচনা শুরু করাই আমার লক্ষ্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/১৭০০ ঘ.
bdnews24