ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়া থেকে তেল আমদানীর ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে রাশিয়া।
এই নিষেধাজ্ঞার ব্যাপারে রাশান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরোভ বলেন, "এতে ভালো কিছু হবে না।"
তিনি আরো বলেন, আমরা একতরফা নিষেধাজ্ঞার বিপক্ষে। যে কোনো সমস্যার ক্ষেত্রে অংশীদারিত্বের প্রশ্নে তা ধ্বংসই ডেকে আনে।
সিরিয়ার মোট আয়ের ২৫ ভাগই তেলখাত থেকে আসে। আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সিরিয়ার রপ্তানিকৃত তেলের ৯৫ শতাংশের ক্রেতা বলে বিবিসি জানায়।
মূলত, দেশটিতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে চলমান আন্দোলন দমনে সরকারি দমনপীড়ন বন্ধে চাপ বাড়ানোর লক্ষ্যেই ইইউ এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পোল্যান্ডে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ চুক্তি সই হয়ে গেলেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শনিবার এই সই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
রাশিয়া এর আগেও সিরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও আসাদের সম্পদ জব্দের কথা বলা হয়েছিল। কিন্তু রাশিয়া তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তা বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়ে এই প্রস্তাবের বিরোধিতা করে।
ডাচ পররাষ্ট্রমন্ত্রী উরি রোসেনথাল বলেন, সা¤প্রতিক এই নিষেধাজ্ঞা সরাসরি সরকারের কেন্দ্রে আঘাত হানবে। তবে আন্তর্জাতিক পর্যায়ে সিরিয়ার এখনো কিছু সমর্থক রয়েছে। এরফলে এই নিষেধাজ্ঞা দেশটির সরকারকে কতটুকু ক্ষতিগ্রস্ত করবে এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।
এদিকে, সিরিয়ায় শুক্রবার দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভে আবারো নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্ততপক্ষে ১৪ জন আন্দোলনকারী।
আন্দোলনকারীরা জানিয়েছে, রাজধানী দামেস্কর কাছাকাছি সাতজন, মধ্যাঞ্চলীয় শহর হমসে চারজন এবং বাকি তিনজন মারা গেছেন দির আল জোর শহরে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনাবসানের দাবিতে চলমান বিক্ষোভে ৫ মাস ধরে সেনাবাহিনী ও পুলিশের দমনাভিযানের পর শুক্রবার আন্তর্জাতিক সুরক্ষার দাবি জানায় বিক্ষোভকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৬৩৫ ঘ.
bdnews24