আম্মান, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় শুক্রবার দেশজুড়ে বিক্ষোভে আবারো নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৬ জন।
দামেস্কর ইরবিন ও হামুউরিয়া শহরতলী, পূর্বাঞ্চলীয় দির আল-জোর প্রদেশ এবং হোমস শহরে বিক্ষোভকারী নিহতের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় অধিবাসী ও মানবাধিকার কর্মীরা।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনাবসানের দাবিতে চলমান বিক্ষোভে ৫ মাস ধরে সেনাবাহিনী ও পুলিশের দমনাভিযানের পর শুক্রবার আন্তর্জাতিক সুরক্ষার দাবি জানায় বিক্ষোভকারীরা।
বিক্ষোভ দমনাভিযান বন্ধে আসাদের ওপর চাপ বাড়াতে তেল আমদানী নিষিদ্ধ করে সিরিয়ায় নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিবিসি এ খবর দিয়েছে।
সিরিয়ার আয়ের ২৫ শতাংশ আসে তেল থেকে। আর সিরিয়া থেকে ইউরোপের দেশগুলোতে তেল রপ্তানি হয় প্রায় ৯৫ শতাংশ।
যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তর জানিয়েছে, ইইউ সরকারি পর্যায়ে সিরিয়া থেকে তেল আমদানী বন্ধে একমত হয়েছে। শুক্র ও শনিবারে পোল্যান্ডে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ চুক্তি সই হয়ে গেলেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪০ঘ.
bdnews24