আলজিয়ার্স, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির মেয়ে আয়েশা মঙ্গলবার আলজেরিয়ায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
লিবিয়ার মরু সীমান্ত পেরিয়ে আলজেরিয়ায় পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরই ওই সন্তানের জন্ম হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আলজেরিয়ার দু'জন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, দিজানেত এ শিশুটির জন্ম হয়েছে। দিজানেত সাহারা মরুভূমির একটি মরুদ্যান যা লিবিয়া সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।
আলজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, "গাদ্দাফির মেয়ে একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন। এর বেশি কিছু আমি বলতে পারবো না।"
অন্য একটি আলজেরীয় সূত্র জানিয়েছে, গাদ্দাফি পরিবার সীমান্ত পার হয়ে আলজেরিয়ায় যাওয়ার আবেদন করার সময়ই আয়েশা গাদ্দাফির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পথে ছিলো।
তিনি বলেন, গাদ্দাফি পরিবারকে আলজেরিয়ায় ঢুকতে দেওয়ার অনেক বড় মানবিক কারণ ছিল এটি।
উল্লেখ্য, ত্রিশের কোটার মাঝামাঝি বয়সী আয়েশা গাদ্দাফি একজন আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০১১৪ঘ.
bdnews24