ওয়াশিংটন, ৩১ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০০ সিইও এর মধ্যে ২৫ জনই গতবছর নিজ নিজ কোম্পানির রাষ্ট্রকে দেওয়া করের অর্থের চেয়ে বেশি রোজগার করেছেন।
বেতন সংক্রান্ত এক জরিপে বুধবার এ তথ্য উঠে এসেছে। ওই জরিপে আরো বলা হয়েছে অনেক কোম্পানিই করের চেয়ে লবি করার জন্যই বেশি ব্যয় করে থাকে।
ওয়াশিংটন ভিত্তিক বামঘেঁষা থিঙ্কট্যাঙ্ক 'ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ' (আইপিএস) এমন এক সময়ে এই জরিপ প্রতিবেদন প্রকাশ করল যখন জাতীয় ঋণের বোঝা কমাতে কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা।
এ প্রতিবেদন পাঠের পর প্রতিনিধি পরিষদে (হাউস অফ রিপ্রেজেনটেটিভ্স) ডেমোক্র্যাটিক দলের প্রভাবশালী সদস্য এবং 'ওভারসাইট এন্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটি'র সদস্য প্রতিনিধি পরিষদে এ বিষয়ে শুনানির আহ্বান জানিয়েছেন।
এক চিঠিতে কমিটি চেয়ারম্যান রিপাবলিকান দলের ড্যারেল ঈসাকে লিখেছেন,"যেখানে কেন শ্রমিকদের বেতন ঝুলে আছে এবং বেকারত্ব অগ্রহণযোগ্য উচ্চ মাত্রায় রয়ে যাচ্ছে সেখানে সিইও'দের বেতন ও কর্পোরেট মুনাফা কেন আকাশচুম্বী হচ্ছে।"
আইপিএস এর জরিপ প্রতিবেদনে কর্পোরেট কর এর চেয়ে বেশি বেতন দিয়ে সিইও পুষছে এমন ২৫টি প্রতিষ্ঠানের প্রদত্ত করের সঙ্গে সিইওদেও বেতনের একটি গড় হিসাব প্রকাশ করা হয়।
এতে দেখা যায় এসব প্রতিষ্ঠানগুলো সিইও'র বেতন হিসেবে গত বছর খরচ করেছে ১৬ দশমিক ৭ মিলিয়ন ডলার। আর কর্পোরেট কর হিসেবে পরিশোধ করেছে ১০ দশমিক ৮ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪২ ঘ.
bdnews24