২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ঈদের দিনে বিক্ষোভে গুলি, নিহত ৪

সিরিয়ায় মঙ্গলবার ঈদের দিনে নতুন করে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

সিরিয়া, অগাস্ট, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় মঙ্গলবার ঈদের দিনে নতুন করে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। ঈদের নামাজের পর সিরিয়াজুড়ে বিক্ষোভ শুরু হলে দুটি শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটে। দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের আল-হারা এবং ইনখিল শহরে মসজিদ থেকে মুসল্লিরা নামাজ শেষে বিক্ষোভ করে রাস্তায় বেরিয়ে এলে তাদের ওপর গুলি চলে। এতে ১৩ বছরের এক বালকসহ ৪ জন নিহত হয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার পতনের দাবিতে রাজধানী দামেস্ক , হোমস এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশেও বিক্ষোভ হয়েছে। দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে বিক্ষোভে গুলিতে ৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছে বিবিসি। সিরিয়ার বিভিন্ন শহর এখনো অবরুদ্ধ হয়ে আছে ট্যাংক এবং সাঁজোয়া যান দিয়ে। রাস্তান শহর ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। মহাসড়কের দু'ধারেই মোতায়েন রয়েছে ট্যাংক। সেগুলো থেকে অবিরাম চলছে গোলাবর্ষণ। হোমস শহরের কাছে রাস্তান শহরে ভোর সাড়ে পাঁচটার দিকে অবস্থান নেয় ৪০ টি হালকা ট্যাংক এবং সাঁজোয়া যান, ২০ টি বাস ভর্তি সেনা ও সামরিক গোয়েন্দা। লিবিয়ায় গাদ্দাফির শাসনাবসানের সময় ঘনিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে সিরিয়ায় বিক্ষোভও বাড়তে শুরু করেছে। সেনাদের সরকারের পক্ষ ত্যাগের ঘটনাও ঘটছে। দির আল জোর প্রদেশ, ইদলিব প্রদেশ, হোমস এবং দামেস্কয় পক্ষত্যাগের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী দামেস্কে পক্ষত্যাগকারী সেনাদের সঙ্গে রাতভর লড়াইয়ের পর রোববার উত্তরাঞ্চলীয় খান শেইখুন শহরে দমনাভিযান চলেছে। স্থানীয় অধিবাসীরা জানায়, হারাস্তা এলাকায় আসাদের অনুগত বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর বেশ কিছু সেনা পক্ষত্যাগ করে আল-ঘোটা এলাকায় পালিয়ে গেছে। ইন্টারনেটে প্রকাশিত পক্ষত্যাগকারী সেনাদের সংগঠন 'ফ্রি অফিসারস' এর এক বিবৃতিতে বলা হয়, হারাস্তায় বড় ধরনের পক্ষত্যাগের ঘটনা ঘটেছে এবং নিরাপত্তা রক্ষী ও আসাদের অনুগত শাব্বিহা বাহিনী তাদের সঙ্গে লড়াই করছে। তবে কোনো ধরনের পক্ষত্যাগের কথা অস্বীকার করেছে সিরিয়ার সরকার। সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সেদেশে স্বাধীন গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ছয় মাস ধরে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন চলছে। আর রোববার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা 'খুব বেশি দেরি হওয়ার আগেই' রক্তপাত বন্ধে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। সমস্যা সমাধানে আরব লিগের মহাসচিব দামেস্কে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭১১ঘ.