২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি নেবে ইরাক

দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরই ইরাকে কর্মী পাঠানো শুরু হচ্ছে। সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানিতে আগামী দুই মাসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরই ইরাকে কর্মী পাঠানো শুরু হচ্ছে। সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানিতে আগামী দুই মাসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। সমঝোতা স্মারক সই হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে জনশক্তি আদান-প্রদান প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। গত ১৯ থেকে ২৬ অগাস্ট উচ্চ পর্যায়ের একটি দল নিয়ে মোশাররফ ইরাক সফর করেন। তখন তিনি ইরাকের উপ-প্রধানমন্ত্রী, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী, গৃহায়ন ও নির্মাণ মন্ত্রী এবং পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ২০০১ সালে ইরাক যুদ্ধের পর ইরাকে লোক পাঠানো বন্ধ হয়ে যায়। সমঝোতা স্মারকের শর্তগুলো চূড়ান্ত করে ইরাকি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তারা এগুলো নিরীক্ষণ করে পুনরায় ঢাকায় পাঠাবে। "এরপর বাংলাদেশ সম্মতি দিলে উভয় দেশ নিজ নিজ মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি অনুমোদন করবে। এরপরই স্মারক সই হবে", বলেন মন্ত্রী। ইরাকে লোক পাঠাতে বিমানভাড়া বাদে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হবে। সব মিলিয়ে ৫০ হাজার টাকা খরচ হতে পারে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, শুধু ইরাকই নয়, দেশটির অধীনে স্বায়ত্তশাসিত কুর্দিস্তানও বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী। তারাও বাংলাদেশের সঙ্গে আলাদা স্মারক সই করবে। এর পরই কর্মী পাঠানো শুরু হবে। তিনি বলেন, এ সব কর্মীই যাবে সরকার থেকে সরকার পর্যায়ে। ভিজিট বা জিয়ারত ভিসায় লোক গিয়ে অবৈধভাবে কাজ করায় তারাও সরকার থেকে সরকার পর্যায়ে কর্মী নিতে চায়। প্রয়োজনে প্রশিক্ষণ দিয়েই লোক পাঠানো হবে। মন্ত্রী বলেন, জিয়ারতের নামে প্রায় ১০ হাজার ভিসা নিয়ে ইরাক গেছে। এদের নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ধর্মীয় কারণে এটা বন্ধ করা সম্ভব নয়। এসব তাদের দূতাবাসকে যাচাই-বাছাই করে ভিসা দেওয়ার অনুরোধ করেছি। তিনি বলেন, 'বিদেশে শ্রমিক পাঠাতে সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে বেসরকারিভাবে অনিয়ন্ত্রিত লোক পঠানোর ফলে নানা জটিলতা সৃষ্টি হয়েছে।" পুরো ব্যবস্থাকে সুষ্ঠু পদ্ধতির মধ্যে আনার পরই কেবল বেসরকারি খাতে জনশক্তি রপ্তানির অনুমোদন দেওয়া হতে পারে, তিনি বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিবন্ধনের ক্ষেত্রে বেশি টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএম/এমআই/১৭২৫ ঘ.