ত্রিপোলি, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পলাতক 'লৈাহমানব' মুয়াম্মাম গাদ্দাফির খোঁজে বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলিতে চিরুনি অভিযান শুরু করেছে। একইসঙ্গে অভিযান চলছে গাদ্দাফির জন্ম শহর সির্তেও।
বিদ্রোহীদের বিশ্বাস তারা, শিগগিরই গাদ্দাফিকে খুঁজে বের করতে পারবে। জীবিত অথবা মৃত- যেভাবেই হোক ৪১ বছর লিবিয়া শাসনকারী এই 'স্বৈরাচারকে' না ধরা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলেও ঘোষণা দিয়েছে তারা।
গাদ্দাফির খোঁজে ত্রিপোলিতে চিরুনি অভিযানে বিদ্রোহীদের সবচেয়ে সাহসী যোদ্ধারা অংশ নিচ্ছে। তারা একক কমান্ডের নেতৃত্বে এক সারিতে ত্রিপোলির প্রতিটি ঘর তন্ন তন্ন করে খোঁজার অভিযান শুরু করেছে বলে জানিয়েছে বিদ্রোহীরা।
বিদ্রোহীদের অপর একটি অংশ ত্রিপোলির ৪৫০ কিলোমিটার পুবে গাদ্দাফির জন্ম শহর সির্তে অভিযানে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে, সির্তে শহরে গাদ্দাফি তার নিজ গোত্রের লোকজনের মাঝে লুকিয়ে থাকতে পারেন।
সির্তে শহরটি এখনও গাদ্দাফি অনুগতদের দখলে আছে। শহরটিতে গাদ্দাফির একটি সামরিক ঘাঁটির বাংকার লক্ষ্য করে ব্রিটিশ বিমান বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ।
ন্যাটোর এক কর্মকর্তা জানান, সির্তে এখনও গাদ্দাফি অনুগতদের নিয়ন্ত্রণে, সেখান থেকে তারা মিসরাতা ও ত্রিপোলিতে অবস্থানরত বিদ্রোহীদের হামলার পরিকল্পনা করছে।
গাদ্দাফি অনুগতরা এখনও সাহারা মরুভূমির ভিতর দিকে অবস্থান নিয়ে আছে। তবে ত্রিপোলি এখন প্রায় পুরোটাই বিদ্রোহীদের দখলে চলে গেছে।
এদিকে, গাদ্দাফি অনুগতদের দখলে থাকা তিউনিসিয়া সীমান্তের শহর রাস জিদির দখল করেছে বিদ্রোহীরা। সেখানে গাদফি অনুগতদের সাথে লড়াইয়ের পর তিউনিসিয়া সীমান্তের একটি তল্লাশি চৌকিতে নিজেদের পতাকা উড়িয়ে দেয় বিদ্রোহীরা।
গত ফেব্র"য়ারি থেকে গাদ্দাফির শাসন বিরোধী আন্দোলন শুরু হয় লিবিয়ায়। আন্দোলন দমনে গাদ্দাফি সেনাশক্তি ব্যবহার থেকে বোমাবর্ষণ কিছুই বাদ রাখেনি। ফলে বিক্ষোভ এক সময় গৃহযুদ্ধের রূপ নেয়। পশ্চিমা শক্তিগুলো জাতিসংঘের অনুমতি নিয়ে লিবিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষায় গাদ্দাফির বিভিন্ন স্থাপনায় বোমাবর্ষণ শুরু করে।
ছয় মাস যুদ্ধের পর লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখল করে নেয় বিদ্রোহীরা। গত মঙ্গলবার ত্রিপোলিতে গাদ্দাফির শক্তিশালী ঘাঁটি ও বাসভবন বাব আল আজিজিয়ার পতন ঘটে। তখন থেকে আত্মগোপনকারী গাদ্দাফির কোন হদিস বের করতে পারেনি বিদ্রোহীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৬৩৩ ঘ.
bdnews24