২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করছে মিশর

ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মিশর। সীমান্তে মিশরীয় নিরাপত্তা সদস্যদের হত্যার তদন্ত যতদিন পর্যন্ত প্রকাশ করা না হবে এবং ঘটনার জন্য ইসরায়েল ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিচ্ছে মিশর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

কায়রো, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি)- ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মিশর। সীমান্তে মিশরীয় নিরাপত্তা সদস্যদের হত্যার তদন্ত যতদিন পর্যন্ত প্রকাশ করা না হবে এবং ঘটনার জন্য ইসরায়েল ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিচ্ছে মিশর। মিশরীয় সরকারের সংকট ব্যবস্থাপনা কমিটি চারঘন্টার এক ম্যারাথন বৈঠকের পর শনিবার রাষ্ট্রিয় টেলিভিশনে এবং মন্ত্রীসভার ওয়েবসাইটে এ সিদ্ধান্ত প্রকাশ করে। এছাড়া, মিশরের সেনাশাসকেরা সিনাই উপদ্বীপের কর্তৃত্ব হারাচ্ছে, ইসরায়েলের এমন অভিযোগের জন্য কায়রোয় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের রাষ্ট্রদূতের কাছে ইসরায়েলের ওই বিবৃতির প্রতিবাদ জানিয়ে বিবৃতির জন্য ইসরায়েলকে ক্ষমা চাওয়ার দাবী জানাবে মিশর। এর আগে, বৃহস্পতিবার আট ইসরায়েলীকে হত্যা করে পালানোর সময় হত্যাকারীদের পশ্চাদ্ধাবন করা ইসরায়েলী সেনাদের গুলিতে সিনাই সীমান্তে মিশর সেনাবাহিনীর এক কর্মকর্তা ও দুজন নিরাপত্তা সদস্য নিহত হন এবং আট নিরাপত্তা সদস্য আহত হন। ইসরায়েল ও মিশরের সিনাই উপদ্বীপে মধ্যে একটি বন্ধ হয়ে যাওয়া রাস্তার ওপর ওই ঘটনা ঘটে। ঘটনার পর ইসরায়েল অভিযোগ করে, ফিলিস্তিনের হামাস শাসিত গাজা উপত্যকা থেকে হামলাকারীরা মিশরের সিনাই মরুভূমি হয়ে ইসরায়েলে প্রবেশ করে। মিশরের সেনাশাসকরা সিনাই উপদ্বীপের উপর কর্তৃত্ব হারাচ্ছে বলে এসময় অভিযোগ করে ইসরায়েল। হত্যাকান্ড ও ইসরায়েলের অভিযোগের ঘটনায় প্রতিবেশী দেশদুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুবারক পরবর্তী মিশরের সাথে ইসরায়েলে সম্পর্ক কেমন হবে এ ঘটনার ফলাফলে তা পরিষ্কার হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫৩৪ ঘ.