২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় মুক্তি আন্দোলনের ডাক আনা হাজারের

অনশনে বসার আগে গ্রেপ্তার হওয়াকে 'দ্বিতীয় মুক্তি আন্দোলনের সূচনা' বলে মন্তব্য করেছেন ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আনা হাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনশনে বসার আগে গ্রেপ্তার হওয়াকে 'দ্বিতীয় মুক্তি আন্দোলনের সূচনা' বলে মন্তব্য করেছেন ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আনা হাজারে। একইসঙ্গে 'জেল ভরো' আন্দোলনে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বানও জানান তিনি। মঙ্গলবার গ্রেপ্তারের পর প্রচারিত এক ভিডিও ফুটেজে তিনি এ কথা বলেন বলে এনডিটিভি জানিয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে আনার নতুন করে অনশনে বসার কথা ছিলো। কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। ভিডিওবার্তায় জনগণের উদ্দেশে এ সমাজকর্মী বলেন, "আমার প্রিয় দেশবাসী, দ্বিতীয় মুক্তি সংগ্রাম শুরু হয়েছে এবং আমি আটক হতে যাচ্ছি। কিন্তু আমাকে আটক করার মধ্য দিয়ে কি এ আন্দোলন বন্ধ হবে? কখনই নয়। এটা কখনই হতে দেবেন না।" শান্তির আহ্বান জানালেও গান্ধীবাদী আনা বলেন, "কারাগারে আর কাউকে রাখার মতো স্থান যাতে না থাকে, এমন পরিস্থিতি সৃষ্টির সময় এসেছে।" আনার আন্দোলনের প্রধান বিষয় হলো পার্লামেন্টে উত্থাপিত দুর্নীতিবিরোধী আইনের খসড়া। এ বিল সম্পর্কে আনা বলেন, "পার্লামেন্টের সামনে কেন তারা (সরকার) এটি তুলে ধরছে না? আমরা তো পার্লামেন্টের বিরোধী নই। আমাদের খসড়া বিবেচনা করার নিশ্চয়তা দিয়েছিলো সরকার। কিন্তু হঠাৎ করেই তারা এ মনোভাব পরিবর্তন করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫০ ঘ.