সিঙ্গাপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য যেসব গ্যাস দায়ী সেগুলোর মধ্যে মিথেন অন্যতম। শিল্প বিপ্লব শুরু হওয়ার পর এই গ্যাস নিঃসরণ বাড়লেও গত শতকের ৮০'র দশকে এর বৃদ্ধির প্রবণতা থেমে যায়। মিথেন নিঃসরণ বৃদ্ধির থেমে যাওয়ার বিষয়টি এতোদিন রহস্য হয়ে ছিল বিজ্ঞানীদের কাছে। সম্প্রতি রহস্যের সমাধান হয়েছে।
এ বিষয়ে দুজন বিজ্ঞানীর পৃথক গবেষণার প্রতিবেদন সম্প্রতি বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে।
এদের একজন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস টোকনোলজি ইন্সিটিটিউটের সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের জলবায়ু গবেষক ফু মিং কাই ও অপরজন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মুরাত আইদিন।
দুজন আলাদাভাবে গবেষণা করলেও দুজনই সিদ্ধান্ত টেনেছেন, মানুষের তৎপরতাই মিথেন বৃদ্ধি থেমে যাওয়ার কারণ।
তাদের গবেষণায় দেখা যায়, কৃত্রিম সারের জায়গায় প্রাকৃতিক সার ব্যবহার, পানির পরিমিত ব্যবহার, জীবাশ্ম জ্বালানীর কার্যকর দহন ও বিভিন্ন কাজে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের কারণেই বায়ুমণ্ডলে মিথেনের বৃদ্ধি ১৯৮০ সালের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই দশক ধরে থেমে ছিল।
এ প্রসঙ্গে প্রকাশিত প্রতিবেদনে ফু মিং কাই বলেন, ধানের জমিতে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সারের ব্যবহার এবং পানির পরিমিত ব্যাবহারের কারণেই ওই সময় উত্তর গোলার্ধে মিথেন নিঃসরণ কমে গিয়েছিল।
"সাধারণভাবে অধিকাংশ মিথেন নিঃসরণ উত্তর গোলার্ধ থেকেই হয়ে থাকে," জানান ফু।
আর মুরাতের প্রতিবেদনে দেখা যায়, মিথেন নিঃসরণ কমে যাওয়া অন্যতম কারণ জীবাশ্ম জ্বালানীর কার্যকর ব্যবহার তথা জ্বালানী প্রজ্বলন প্রযুক্তির উন্নয়নের ফলে এখন জীবাশ্ম জ্বালানী ব্যবহার করতে অনেক কম বর্জ্য নির্গত হওয়া এবং বিভিন্ন শিল্প স্থাপনা ও গৃহস্থালী কাজে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাওয়া।
এ গবেষণার ফলে বেশ কয়েক বছর ধরে জলবায়ু বিজ্ঞানীদের একটি ধাঁধাঁর সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞানীরা ওই দুই দশক ধরে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণের স্থিরতা নিয়ে বিভ্রান্তিতে ভুগছিলেন। এ রহস্যের সমাধান করা দরকার ছিল কারণ ২০০৬ সালের পর থেকে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ আবার বাড়তে শুরু করেছে।
মিথেনের পরিমাণ স্থির থাকার কারণ উদঘাটন করা গেলে সেই জ্ঞান কজে লাগিয়ে আবারও থামিয়ে দেয়া যেতে পারে বায়ুমণ্ডলে মিথেনের বৃদ্ধি। কারণ গ্যাসটি কার্বন ডাই অক্সাইড থেকে অনেক বেশি পরিমাণ প্রায় ২০ গুণ তাপ ধরে রাখতে পারে।
মূলত জীবাশ্ম জ্বালানির দহন, ধানের খড়, কয়লা খনি, গবাদি পশুর খামার হতে ও ক্রান্তীয় বনাঞ্চল পুড়ে ও ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে মিথেন নিঃসরণ বৃদ্ধি পায়।
এর ক্রমাগত বৃদ্ধি পৃথিবীর তাপ বৃদ্ধি করে বিশ্বের সব জমাট বরফ গলিয়ে ফেলতে পারে, আর তাতে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশ, মালদ্বীপের মতো বিশ্বের অনেক নিচু জায়গাই কয়েক হাত পানির নিচে তলিয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এবি/১৩৫৪ ঘ.
bdnews24