ত্রিপোলি, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীদের সাথে গাদ্দাফি সরকারের প্রতিনিধিরা আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।
রোববার রাতে পার্শ্ববর্তী রাষ্ট্র তিউনিসিয়ার একটি দ্বীপে এই আলোচনা শুরু হয় বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তবে এ খবর অস্বীকার করেছেন লিবীয় সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম।
বিদ্রোহীদের সাথে সরকারের বৈঠকের বিষয়ে জানে এমন এক প্রত্যক্ষদর্শী জানান, দক্ষিণ তিউনিসিয়ার জেরবা দ্বীপের একটি হোটেলে বিদ্রোহীদের সাথে আলোচনা শুরু করেছে লিবিয়া সরকারের প্রতিনিধিরা।
বিদ্রোহীদের সাথে কোনো ধরনের আলোচনা শুরুর বিষয়টি প্রত্যাখ্যান করে লিবীয় সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম এ ধরনের গুজব ছড়ানোর জন্য পশ্চিমা সরকার ও সংবাদমাধ্যমগুলোকে দায়ী করেছেন।
এদিকে, লিবীয় নেতা মুয়াম্মাম গাদ্দাফি ন্যাটো ও বিশ্বাসঘাতকদের হাত থেকে লিবিয়াকে 'মুক্ত' করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার সকালে লিবিয়ার সরকারি টেলিভিশনে প্রচারিত এক অডিও ভাষণে গাদ্দাফি এ আহ্বান জানান। ভাষণটি সরাসরি সম্প্রচারিত বলে দাবি করা হয়েছে।
লিবিয়ার বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ শহর দখল করার একদিন পর গাদ্দাফি এ আহ্বান জানালেন। ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে বিদ্রোহীদের দখলকৃত উপকূলীয় শহর জাবিয়ার পথ ধরেই তিউনিসিয়া থেকে ত্রিপোলিতে খাদ্য ও জ্বালানী রসদ সরবরাহ করা হয়।
ভাষণে গাদ্দাফি বলেন, "লিবিয়ার মানুষ বেঁচে থাকবে, ফাতাহ বিপ্লবও বেঁচে থাকবে। জাগো, এগিয়ে যাও, তোমার অস্ত্র তুলে নাও, প্রতিরোধ করো, লিবিয়ার প্রতি ইঞ্চি মাটিকে ন্যাটো ও বিশ্বাসঘাতকদের হাত থেকে মুক্ত করার লড়াইয়ে সামিল হও।"
সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "শহীদের রক্তই যুদ্ধের প্রেরণা।"
উল্লেখ্য, ১৯৬৯ সালে ফাতাহ বিপ্লবের মাধ্যমেই গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা দখল করেন।
ওদিকে, বিদ্রোহীরা জাবিয়া দখল করেও নিলেও ত্রিপোলিতে এখনই কোন গুরুতর হুমকি সৃষ্টি হবে না বলে জানিয়েছে রয়টার্স।
তবে শহরটি দখলের মাধ্যমে ত্রিপোলির পশ্চিম দিকের উপকূলীয় এলাকাও বিদ্রোহীদের দখলে চলে এলো। ত্রিপোলির পূর্ব উপকূল আগে থেকেই বিদ্রোহীদের দখলে রয়েছে।
চলতি বছরের ফেব্র"য়ারি থেকে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে যুদ্ধে এখন সবচেয়ে সুবিধাজনক ও শক্তিশালী অবস্থানে রয়েছে বিদ্রোহীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১১১ ঘ.
bdnews24