অ্যামিস, আইওয়া, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে আইওয়ায় জনসমর্থন যাচাইয়ের 'স্ট্র পোল' এ জিতেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য মিশেল ব্যাকম্যান।
২০১২ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন লাভের প্রথম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এ ভোটকে। শনিবার আইওয়ার অ্যামেস এ অনুষ্ঠিত এ ভোটে অংশ নিয়েছে প্রায় ১৭ হাজার ভোটার।
মিনেসোটার প্রতিনিধি মিশেল বাকম্যান অল্প ব্যবধানে প্রতিদ্বন্দ্বী রন পলকে হারিয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন মিনেসোটার সাবেক গভর্নর টিম পালেন্টি।
তবে টেক্সাসের গভর্নর রিক পেরি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় লড়াইয়ের প্রকৃতিতে পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানায়, আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে দিনব্যাপী চলে এ ভোট। এতে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৪ হাজার ৮শ'২৩টি ভোট পেয়েছেন বাকম্যান।
রন পল ৪ হাজার ৬শ' ৭১ ভোট ও পালেন্টি ২ হাজার ২শ' ৯৩ ভোট পান।
ম্যাসাচুসেটস গভর্নর মিট রোমি প্রতিযোইগতায় অংশ না নিলেও ৫শ'৬৭টি ভোট পেয়েছেন এবং প্রতিদ্বন্দ্বিতার তালিকায় পেরির নাম না থাকার পরও তিনি ৭শ'১৮টি ভোট পান।
নিজের সমর্থকদের পালেন্টি বলেন, "আরো অনেক কাজ করতে হবে। তবে আশা ছাড়ছি না।'
ওদিকে ব্যাকম্যান সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "২০১২ সালে হোয়াইট হাউজে যাওয়ার পথে এটি একেবারেই প্রথম ধাপ। এখন পুরো ৫০টি রাজ্যে জুড়ে এ প্রক্রিয়া চলবে।"
এর আগে আইওয়াতে আট রিপাবলিকান মনোনয়ন প্রার্থী বিতর্কে অংশ নেন।
১৯৭৯ সাল থেকে রিপাবলিকান পার্টির জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইওয়া 'স্ট্র পোল' এ ভোট দিয়ে আসছে। ১৮ বছরের উর্ধ্বে যারা ৩০ মার্কিন ডলার দিয়ে টিকেট কিনতে সক্ষম ভোট দিতে পারে তারাই।
অংশগ্রহণকারীদের রিপাবলিকান পার্টির সদস্য হতে হবে এমন কোনো শর্ত নেই। তবে তাদেরকে অবশ্যই ওই রাজ্যে বাসিন্দা বা আইওয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৮ঘ.
bdnews24