গাজা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামাস নেতৃত্বাধীন গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত দাতা সংস্থাগুলোর কর্মকাণ্ড স্থগিত করেছে মার্কিন প্রশাসন।
শুক্রবার এ স্থগিতাদেশ জারি করা হয় বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।
হামাস যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এই সংস্থাগুলোর কর্মকাণ্ড বিষয়ক গোপন তথ্য জানার দাবি করায় এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, "হামাসের কারণে ইউএসএআইডি'র অর্থায়নে পরিচালিত সংস্থাগুলো গাজা উপত্যকায় তাদের সহায়তামূলক কাজকর্ম বন্ধ করতে বাধ্য হয়েছে। গত ১২ অগাস্ট থেকে তারা কাজকর্ম বন্ধ করেছে।"
তিনি জানান, গত কয়েক মাসে হামাস বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের ফলে গাজার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অধিবাসীদের সহায়তা দেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর (এনজিও) জন্য কঠিন হয়ে পড়েছে।"
হামাস এসব এনজিওগুলোর আর্থিক ও প্রশাসনিক তথ্যসম্বলিত নথি ও এর কর্মচারীদের বিষয়ে বিস্তারিত তথ্য দাবি করেছে বলেও মার্কিন এ কর্মকর্তা জানান।
এর আগে বেসরকারি প্রতিষ্ঠান ও ইউএসএআইডি'র অংশীদার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পোরেশন (আইএমসি)'র কর্মীরা হামাসের 'অপ্রয়োজনীয় পর্যালোচনা'র বিষয়ে অভিযোগ করায় এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নের পরিচালিত ফিলিস্তিনভিত্তিক কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এর আগে তাদের কর্মকাণ্ডে হামাসের হস্তক্ষেপের বিষয়ে অভিযোগ করেছিল।
এদিকে হামাসের কর্মকর্তা তাহেল আল- নোনো জানান, নিজেদের দেশে এসব প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যবেক্ষণ করার অধিকার রয়েছে হামাসের।
আর শনিবার বা রোববার থেকে আইএমসি'কে পুনরায় তাদের কাজকর্ম শুরুর অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, "এ ধরনের সিদ্ধান্ত ঠিক নয়। আমরা ফিলিস্তিনের বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছি।"
মার্কিন কর্মকর্তারা জানান, গাজার প্রায় ৬ লাখ অধিবাসী স্বাস্থ্য, শিক্ষা, নির্মাণ ও অবকাঠামো বিষয়ক ইউএসএআইডি'র বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ৯ কোটি ৮০ লাখ ডলারের সহায়তা পাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৫ ঘ.
bdnews24