জেরুজালেম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিকৃত পূর্ব জেরুজালেমে ১ হাজার ৬ শ' ইহুদি বসতি নির্মাণের অনুমতি দিয়েছে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইশাই বসতি নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে নির্মাণকাজের সময়সূচি সম্পর্কে তিনি কিছু জানান নি।
বিবিসি জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় আরো ২৭শ' বসতি নির্মাণের অনুমতি দেবে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রোয়েই ল্যাচমানোভিচ বলেছেন, এলি ইশাই রামাত শ্লোমোতে ১ হাজার ৬শ' বসতি নির্মাণের অনুমতি দিয়েছেন। এরপর তিনি গিভাত হামাতোস এবং পিসগাত জিভ এ আরো ২ হাজার বসতি নির্মাণের অনুমতি দেবেন।
ইসরায়েলি সরকারের এ বসতি নির্মাণ বন্ধে চাপ দেয়ার জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী অন্যান্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু আরদাইনাহ।
২০১০ সালের মার্চে জেরুজালেম সংলগ্ন পশ্চিম তীরের রামাত শ্লোমোতে ১ হাজার ৬শ' বাড়ি তৈরির প্রাথমিক অনুমোদন দেয়া হয়।
ওই সময় মধ্যপ্রাচ্যে সফরে গিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের নতুন বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ তৈরি করে।
বাইডেন ইসরায়েলি এ পরিকল্পনার নিন্দা জানান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এটাকে 'অপমানজনক' বলে মন্তব্য করেন।
তবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরের সময় বসতি স্থাপন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করলেও জেরুজালেমের আশপাশে বসতি স্থাপন কমাতে রাজি হননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর ও গাজা নিয়ে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী করার প্রত্যাশা করছে ফিলিস্তিন। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ওই অঞ্চল দখল করে নেয় ইসরায়েল। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলেও জেরুজালেমকে নিজেদের রাজধানী বানিয়েছে ইসরায়েল।
২০০৫ সালে গাজা ছেড়ে আসে ইসরায়েল। কিন্তু পশ্চিম তীর দাবি নিয়ে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের বিরোধ এখনো কাটেনি।
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে প্রায় ৫ লাখ ইহুদি বাস করে। অপরদিকে, একই অঞ্চলে প্রায় ২৫ লাখ ফিলিস্তিনও বাস করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২০ঘ.
bdnews24