২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রে ভাসলো চীনের প্রথম বিমানবাহী রণতরী

প্রথমবারের মতো বিমানবাহী রণতরী পরীক্ষামূলকভাবে সমুদ্রে নামিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

বেইজিং, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমবারের মতো বিমানবাহী রণতরী পরীক্ষামূলকভাবে সমুদ্রে নামিয়েছে চীন। বুধবার লিয়োনিং প্রদেশের দালিয়ান পোর্ট থেকে যাত্রার মাধ্যমে রণতরীটি প্রথম সমুদ্রে ভাসে। এর মধ্য দিয়ে বিমানবাহী রণতরীর সামর্থ্য অর্জনে চীনের দীর্ঘ দিনের স্বপ্নপূরণ হতে চলেছে। পাশাপাশি সামরিক শক্তি বৃদ্ধির এই পদক্ষেপ দেশটির প্রতিদ্বন্দ্বীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামরিক সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, সাবেক সোভিয়েত ইউয়নিয়নের একটি যুদ্ধজাহাজকে পূর্ণাঙ্গ বিমানবাহী রণতরীতে রূপান্তর করা হয়েছে। এতে বলা হয়, "সমুদ্র থেকে ফেরার পর রণতরীটিতে আরো মেরামত ও পরীক্ষামূলক কাজ করা হবে।" সেইসঙ্গে সিনহুয়া আরো জানায়, ৯৮৪ ফুট দীর্ঘ এ রণতরীটি কুয়াশার ভেতরে চলতে পারবে এবং ডক ছেড়ে যাওয়ার সময় তিনবার হর্ন দেবে। ইউক্রেনের কাছ থেকে কেনা সাবেক সোভিয়েত আমলের যুদ্ধজাহাজকে বিমানবাহী রণতরীতে রূপান্তরের বিষয়টি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জুলাইতে নিশ্চিত করেছে। তবে চীনের এ পদক্ষেপের ফলে দেশটির ক্রমবর্ধমান সামরিক শক্তি বিষয়টি নতুন উত্তেজনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটি আরো দুটি নতুন রণতরী তৈরি করছে বলে কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫৪৬ ঘ.