কেপ ক্যানভেরাল, ফ্লোরিডা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র দু'সপ্তাহ হলো শেষ হয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার শাটল কর্মসূচি। এরই মধ্যে নতুন অভিযান শুরু করেছে নাসা। এবার তাদের গন্তব্য সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি।
যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন হতে শুক্রবার বৃহস্পতির উদ্দেশ্যে রওনা হয়েছে মানুষবিহীন মহাকাশযান 'জুনো'। এ দৃশ্য দেখতে উৎক্ষেপণস্থলে ভিড় জমায় ১০ হাজার মানুষ।
সৌরজগত সৃষ্টির রহস্য উদঘাটনে আরো নতুন নতুন তথ্য সংগ্রহের জন্য একটি রোবট ভরে পাঠানো হয়েছে ওই নভোযান।
৫ আগস্ট 'অ্যাটলাস ৫' রকেটে করে রওনা দিয়ে পরে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশে যাত্রা শুরু করেছে জুনো। বৃহস্পতিতে পৌঁছতে ৪৪৫ মিলিয়ন মাইল দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
নাসার বিজ্ঞানীরা বলছেন, সবকিছু ঠিক থাকলে ৫ বছর পর ২০১৬ সালের জুলাইয়ে বৃহস্পতিতে গিয়ে পৌঁছবে জুনো।
এক বছরের এ মিশনে বৃহস্পতিতে কী পরিমাণ পানি আছে, এর চৌম্বকীয় ক্ষেত্র কেমন এবং সেখানে শক্ত কোন বস্তু আছে নাকি শুধুই গ্যাস আর গ্যাস তা জানার চেষ্টা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩৭ঘ.
bdnews24