২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৩১ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে 'তালিবানদের গুলিতে' ন্যাটো বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩১ মার্কিন সেনা নিহত হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

কাবুল, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে 'তালিবানদের গুলিতে' ন্যাটো বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩১ মার্কিন সেনা নিহত হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া ঘটনায় সাত আফগান সেনাও নিহত হয়েছে। শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। আফগানিস্তানে ১০ বছরের তালিবানবিরোধী যুদ্ধে একক ঘটনায় এবারই সবচেয়ে বেশি মার্কিন সেনা নিহত হলো। যুক্তরাষ্ট্র বা ন্যাটো বাহিনী ওই চিনুক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানায়নি। ওবামা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে বলেন, হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের (আইএসএএফ) পক্ষ থেকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও হতাহতের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন তালিবানদের গুলিতে চিনুক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কারজাইয়ের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে মধ্যাঞ্চলীয় ওয়ার্দক প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্য। 'প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ঘটনায় দুঃখপ্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নিহত মার্কিন ও আফগান সেনা সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।' তালিবানের এক মুখপাত্র এপিকে জানান, ওয়ার্দকের সায়েদ আবাদ এলাকার একটি বাড়িতে মার্কিন ও আফগান সেনারা হামলা চালায়। এরপর তালিবানরা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করে। সায়েদ আবাদ তালিবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওয়ার্দকের স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, হেলিকপ্টারটি উড্ডয়নের সময় এতে গুলি করা হয়। আফগানিস্তানে নিরাপত্তার দায়িত্ব আফগান পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরুর দুই সপ্তাহের মাথায় একসঙ্গে এতো বেশি সংখ্যক মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটলো। ২০১৪ সালের শেষ নাগাদ আফগান নিরাপত্তা বাহিনীর কাছে পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে সেখানে যুদ্ধাভিযান শেষ করে বিদেশি সেনাদের দেশটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধাভিযান শেষের ওই সময়সীমা প্রয়োজনের তুলনায় আগে কি না তা নিয়ে এরমধ্যেই কয়েকজন মার্কিন আইনপ্রণেতা প্রশ্ন তুলেছেন। আফগানিস্তানে ২০০৫ সালের এপ্রিলে একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ মার্কিন কর্মকর্তা ও তিনজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছিলেন। সে বছর জুনেও আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ মার্কিন সেনা নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/পিডি/২১৩১ ঘ.