ঢাকা, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চাশে পা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার তার জন্মদিন।
এ উপলক্ষে এদিন হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ওবামা। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে পারিবারিকভাবে জন্মদিন উদযাপন করতেই এ আয়োজন।
কিন্তু জন্মদিনের আনন্দের মধ্যেও কাজের কথা ভোলেন নি ওবামা।
জন্মদিন কাটানোর পরিকল্পনায় বৃহস্পতিবার দিনের প্রথম ভাগটা তিনি রেখেছেন ওভাল অফিসে বৈঠক করার জন্য। আর বিকাল বেলাটা তিনি রাখেন স্টাফদের নিয়ে পার্টিতে কাটানোর জন্য।
এর আগে বুধবার মধ্যরাতে নিজ রাজ্য শিকাগোয় স্থানীয় সমর্থকদের নিয়ে জন্মদিন উদযাপন করেছেন ওবামা।
সেখানে তিনি পার্টির আয়োজন করেন। এ সময় 'শুভ জন্মদিন' গান গেয়ে ওবামাকে শুভেচ্ছা জানান সমবেতরা। ওবামাকে ঘিরে আনন্দোৎসব করে রাজনৈতিক পরিমণ্ডলের প্রায় ২ হাজার মানুষ।
অন্যদিকে, ওবামার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ১১শ'রও বেশি পার্টি আয়োজন করেছে তার সমর্থকরা। সারাদিন জুড়ে দেশে-বিদেশের নানা প্রান্ত থেকে জন্মদিনের শুভকামনাও পেয়েছেন তিনি।
৫০ এ পা দেওয়ার অনুভূতি প্রকাশ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওবামা বলেন, "৫-০ তে ভালোই বোধ করছি।"
"দায়িত্ব নেওয়ার সময়ের চেয়ে এখন আমি একটু বুড়িয়ে গেছি এই যা, কিন্তু আমি এখনো যথেষ্ট ভালো আছি", বলেন তিনি।
নিজের সম্পর্কে স্ত্রী মিশেলের মন্তব্য জানিয়ে ওবামা বলেন, "মিশেল বলে আমি এখনো অনেক আকর্ষণীয়। এটাও ভেবে দেখার মতো, কি বলেন?"
জন্মদিনের সবচে ভালো উপহার কি? এ প্রশ্নে ওবামার জবাব, "ঋণসীমা বাড়ানো নিয়ে চুক্তটাই এ মুহূর্তে আমার জন্য সবচেয়ে ভালো উপহার।"
যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্টদের মধ্যে ওবামাও একজন। এর আগে মাত্র ৬ জন প্রেসিডেন্ট দায়িত্বে থাকাকালে ৫০ বছরে পা দিয়েছেন। আর গত শতাব্দীতে ৫০ এ পা দেওয়া প্রেসিডেন্টদের মধ্যে ওবামা দ্বিতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৭ঘ.
bdnews24