২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি বাহিনীর হামলা প্রতিহত করার দাবি বিদ্রোহীদের

লিবিয়ার জ্লিতান শহরের কাছে গাদ্দাফি অনুগত বাহিনীর একটি হামলা বুধবার প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। অপরদিকে লিবিয়া সরকার জানিয়েছে ওই লড়াইয়ে তাদের জয় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 08:59 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

মিসরাতা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার জ্লিতান শহরের কাছে গাদ্দাফি অনুগত বাহিনীর একটি হামলা বুধবার প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। অপরদিকে লিবিয়া সরকার জানিয়েছে ওই লড়াইয়ে তাদের জয় হয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব দিকের শহর জ্লিতান রাজধানী অভিমুখী সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। পূর্ব দিক থেকে ত্রিপোলির দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত বিদ্রোহীরা শহরটির দখল নেওয়ার জন্য প্রাণপণ লড়াই চালাচ্ছে। মঙ্গলবার জ্লিতানের দিকে অগ্রসররত বিদ্্েরাহী বাহিনীর ওপর হামলা চালায় গাদ্দাফি অনুগত বাহিনী। এতে সড়কের ওপর দুপক্ষের প্রচণ্ড লড়াই শুরু হয়। লড়াইয়ে বিদ্রোহীপক্ষের অন্তত ছয় যোদ্ধা নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্রোহী বাহিনীর এক কমান্ডার রয়টার্সকে জানিয়েছেন, "আমরা গাদ্দাফি বাহিনীকে আমাদের অবস্থানের কাছে আসার সুযোগ দিয়েছি, এরপর তাদের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ করে তাদের রুখে দিয়েছি।" "আমরা পিছু হটে যাই নি, আমাদের অবস্থান ধরে রেখেছি," বলেন তিনি। অন্য একজন কমান্ডার জানান, লড়াইয়ে তার দুজন যোদ্ধা নিহত হয়েছে। তবে গাদ্দাফি বাহিনীকে পিছু হটিয়ে দেওয়া গেছে বলে দাবি করেন তিনি। অপরদিকে, লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, "জ্লিতানের প্রবেশ পথে বিদ্রোহীরা পরাজিত হয়েছে।" তিনি যোগ করেন, পরাজিত বিদ্রোহীদের পূর্বদিকে দাফনিয়ায় তাড়িয়ে দেওয়া হয়েছে। পাঁচ মাস ধরে বিদ্রোহীরা গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে লড়ছে। এ সময়ের মধ্যে তারা পশ্চিমা শক্তিগুলোর অব্যাহত সমর্থন পেয়েছে, গাদ্দাফি বাহিনীর ওপর ন্যাটোর বোমাবর্ষণের সুবিধা নেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু তারপরও লিবিয়ার পূর্বাংশ কেন্দ্রিক বিদ্রোহীরা ৪১ বছর ধরে ক্ষমতায় থাকা গাদ্দাফিকে হটাতে পারে নি। যুদ্ধ বিরতি কার্যকর করতে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে গেলেও বিদ্রোহীরা জ্লিতান ও তেল সমৃদ্ধ শহর ব্রেগার দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে, ত্রিপোলির পশ্চিম দিকে তিউনিসিয়া সীমান্তের পার্বত্যাঞ্চলে যুদ্ধরত বিদ্রোহী বাহিনীর মধ্যে উপদলীয় কোন্দলের খবর পাওয়া যাচ্ছে। এর জেরে কয়েকদিন আগে বিদ্রোহীদের সামরিক প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ ইউনিস নিজপক্ষের একটি গোষ্ঠীর হামলায় নিহত হন। বিদ্রোহীদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও আস্থাহীনতার এই পর্যায়ে গাদ্দাফি পরাজিত হলে দেশটির ভবিষ্যৎ কি দাঁড়াবে সেই প্রশ্নটি এখন সামনে চলে এসেছে। এদিকে, গাদ্দাফি বরাবরের মতোই ঘোষণা দিয়েছেন, তিনি আমৃত্যু লড়াই চালিয়ে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৪ ঘ.