লেক সেলিগার, রাশিয়া, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র 'পরজীবীর মতো জেঁকে বসেছে' বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। ডলারের আধিপত্য বিশ্ব অর্থ বাজারের জন্য হুমকি বলেও মনে করেন তিনি।
মস্কোর উত্তরে সরকারপন্থী যুবদল 'নাশি'র গ্রীষ্মকালীন ক্যাম্পে সোমবার একথা বলেন পুতিন।
সেখানে যুবকদের উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেন, "তাদের (মার্কিনিদের) জীবনযাপন তাদের সামর্থ্যকে ছাড়িয়ে গেছে, আর তারা তাদের সমস্যার আংশিক ভার বিশ্ব অর্থনীতির ওপর চাপিয়ে দিচ্ছে।"
"বিশ্ব অর্থনীতিতে তারা পরজীবীর মতো অবস্থান করছে আর ডলারের একচেটিয়া আধিপত্য কায়েম করে রেখেছে", বলেন পুতিন।
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেওয়া ভাষণে পুতিন ক্যাম্পে উপস্থিত তরুণ রুশদের প্রশংসা করেন।
গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও ঋণসীমা বাড়ানো নিয়ে সৃষ্ট অচলাবস্থার বিরূপ প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। এর জেরে রাশিয়ার স্টক মার্কেটের সূচক এক লাফে গত তিন মাসের মধ্যে শীর্ষে পৌঁছে যায়।
১ অগাস্ট বাজেট ঘাটতি ও ঋণসীমা বাড়ানো নিয়ে সৃষ্ট 'সমস্যা' মিটিয়ে ফেলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নেতারা।
ওই ঘটনাকে ইঙ্গিত করে পুতিন বলেন, "ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো প্রয়োজনীয় বোধশক্তি ও দায়িত্ববোধ তাদের আছে বলে ঈশ্বরকে ধন্যবাদ।"
"সেখানে (যুক্তরাষ্ট্রে) পদ্ধতিগত কোন ব্যর্থতা ঘটলে তার প্রভাবে সবাই ক্ষতিগ্রস্ত হতো," বলেন পুতিন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সিকিউরিটিজে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর রিজার্ভের একটা বড় অংশ বিনিয়োগ করা আছে জানিয়ে পুতিন বলেন, বিশ্বে রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের বিকল্প থাকা দরকার।
প্রসঙ্গত, রাশিয়ার নিকটবর্তী দেশ নরওয়েতে গত ২২ জুলাই হ্রদের তীরের এমনই একটি সরকারপন্থী যুবদলের ক্যাম্পে এক ধর্মীয় উগ্রপন্থীর গুলিতে ৬৮ জন তরুণ-তরুণী নিহত হয়। হামলার সময় তারাও খোলা আকাশের নিচে সমাবেশ করছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৩ ঘ.
bdnews24