২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জিনজিয়াং এ হামলার জন্য মুসলিম চরমপন্থীরা দায়ী'

পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে হামলা চালানোর জন্য মুসলিম চরমপন্থীরা দায়ী বলে দাবি করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

বেইজিং, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে হামলা চালানোর জন্য মুসলিম চরমপন্থীরা দায়ী বলে দাবি করেছে চীন। সরকারি এক বিবৃতির বরাত দিয়ে সোমবার সিনহুয়া সংবাদসংস্থা একথা জানায়। জিনজিয়াং প্রদেশের কাশগড় শহরে রোববার বিকেলে সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত হয়। এর একদিন আগে শহরটিতে ছোট দুটি বিস্ফোরণ ঘটে। সিনহুয়া সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, একদল হামলাকারী কাশগড়ের একটি রেস্তোরায় হামলা চালিয়ে রেস্তোরা মালিক ও এক হোটেল কর্মীকে হত্যা করে রেস্তোরাটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর রাস্তায় বের হয়ে তারা ছুরিকাঘাতে চারজনকে হত্যা করে। এদের পাঁচজনকে পুলিশ গুলি করে হত্যা করে এবং অন্য চারজনকে গ্রেপ্তার করে। কাশগড় শহরের সরকারি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, "বিদেশের সন্ত্রাসী ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন অপরাধীর নেতৃত্বে এক দল চরমপন্থী এ হামলা চালিয়েছে।" বিবৃতিতে আরো বলা হয়, ওই হামলায় ধরা পড়া সন্দেহভাজন হামলাকারীরা স্বীকার করেছে, তাদের চক্রের নেতারা পাকিস্তানে পালিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নেয়। তারা সেখানে বিচ্ছিন্নতাবাদী 'ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট'এ যোগ দেয় ও পরে চীনে ফিরে আসে। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী এ হামলার ক্ষেত্রে হামলাকারীদের উদ্দেশ্য হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যেকার ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করা, জাতিগত ঘৃণা তৈরিতে উস্কানি দেওয়া ও দ্বন্দ্ব সৃষ্টি এবং মূল ভূখন্ড থেকে জিনজিয়াংকে বিচ্ছিন্ন করা। বিবৃতিতে হামলাকারীদের ইসলামিক জিহাদি হিসেবে উল্লেখ করে বলা হয় তারা জিনজিয়াংয়ে চরমপন্থী ধর্মীয় ধ্যানধারণার বিস্তার ঘটাচ্ছে। চীনাভাষী একটি দৈনিক হামলাকারীদের উইঘুর জাতির বলে জানিয়েছে। জিনজিয়াং অঞ্চলে চীনের হান সম্প্রদায়ের মানুষের বসতি স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে দেশটির সংখ্যালঘু ইসলাম ধর্মাবলম্বী উইঘুর সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ চলে আসছে। গত ১৮ জুলাই জিনজিয়াং'র একটি পুলিশ স্টেশনে হামলা হলে ১৪ হামলাকারীসহ ১৮জন নিহত হয়। এর আগে ২০০৯ সালে এ অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হান ও সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় দুই শতাধিক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৭৩২ঘ.