২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়াতে শেষ মুহূর্তের 'সমঝোতা'

যুক্তরাষ্ট্র সরকারের ঋণসীমা বাড়ানোর বিষয়ে শেষ মুহূর্তে সমঝোতায় পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলীয় শীর্ষ আইনপ্রণেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 05:31 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ওয়াশিংটন, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র সরকারের ঋণসীমা বাড়ানোর বিষয়ে শেষ মুহূর্তে সমঝোতায় পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলীয় শীর্ষ আইনপ্রণেতারা। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার এই ঘোষণা দেওয়ার পাশাপাশি আইনপ্রণেতাদের "সঠিক পদক্ষেপ নেওয়ার" আহ্বান জানান। হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ওবামা বলেন, "কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা একটি সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে বাজেট ঘাটতি ধাঁপে ধাঁপে কমিয়ে আনা যাবে। ঋণ খেলাপি হওয়ার ঝুঁকিও এড়ানো যাবে।" প্রায় দুই সপ্তাহ ধরে দর কষাকষির এই সমঝোতার মধ্য দিয়ে রিপাবলিকানদের বাজেট ঘাটতি কমিয়ে আনার প্রস্তাবও মেনে নিতে হচ্ছে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টিকে। এই প্রস্তাব অনুযায়ী, আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার কমিয়ে আনা হবে। সোমবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদে ঋণসীমা বৃদ্ধি ও বাজেট ঘাটতি কমানোর এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছে। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে প্রস্তাবটি অনুমোদন পেতে কোনো সমস্যা না হলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদকে এ বিষয়ে রাজি করাতে বেগ পেতে হতে পারে বলেই বিশ্লেষকদের ধারণা। যুক্তরাষ্ট্রের সরকার বছরে যে পরিমাণ ঋণ নিতে পারে তা গত মে মাসেই শেষ করে ফেলেছে ওবামার প্রশাসন। ফলে ২ অগাস্টের মধ্যে সরকারের ঋণ গ্রহণের সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে বাড়াতে না পারলে বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ ছাড় করানো এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বড় ধরনের বিপাকে পড়বে বিশ্বের শীর্ষ এই অর্থনৈতিক শক্তি। আর সরকার ঋণ খেলাপী হলে বিভিন্ন এজেন্সির ক্রেডিট রেটিংয়ে 'ট্রিপল এ' থেকে যুক্তরাষ্ট্রের অবনমন ঘটার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেমন কিছু ঘটলে তা কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব অর্থনীতির জন্যই বিপর্যয় ডেকে আনবে। এ কারণে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলকে 'ঝামেলা' মিটিয়ে ফেলতে তাগাদা দিচ্ছে আইএমএফও। যুক্তরাষ্ট্রের ঋণসীমা এর আগে বিভিন্ন সময়ে বাড়ানো হলেও এবারের মতো সমস্যা আর কখনো হয়নি। বিশ্লেষকরা বলছেন, মধ্যমেয়াদী নির্বাচনে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টির বিপর্যয়ের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওবামার কোনো প্রস্তাবই সহজে ছেড়ে দিচ্ছে না কট্টর রিপাবলিকানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/২৩২৯ ঘ.