মুম্বাই, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফোর্ড ১শ' কোটি ডলার ব্যয়ে গুজরাটে একটি কারখানা নির্মাণের পরিকল্পনা করছে।
বিশ্বের দ্বিতীয় ক্রমবর্ধমানশীল গাড়ির বাজার ধরতেই দেশটিতে বিনিয়োগ করতে উৎসাহী হয়ে উঠেছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড।
ফোর্ডের ভারতীয় শাখার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল বোনেহাম এক বিবৃতিতে বলেন, পরিকল্পিত ওই কারখানা থেকে ২০১৪ সাল নাগাদ উৎপাদনে যাওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন।
গুজরাটের ওই কারখানায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ কারখানা থেকে প্রাথমিকভাবে বছরে ২ লাখ ৪০ হাজার গাড়ি তৈরি করা সম্ভব হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
বোনেহাম আরো জানান, বিশ্বের বিভিন্ন দেশে ফোর্ডের চারটি কারখানা নির্মাণাধীন। সেগুলোর একটি চীনে, একটি থাইল্যান্ডে এবং একটি ভারতে নির্মাণ করা হবে।
অবশ্য অপর কারাখানাটি কোথায় নির্মাণ করা হবে সে সম্পর্কে কোনোকিছু জানানো হয় নি।
ফোর্ডের ফিগো মডেলের গাড়ির চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। গত বছরের অগাস্ট থেকে কোম্পানিটি ওই মডেলের গাড়ি রপ্তানি করা শুরু করে।
২০১১ সালের প্রথম ছয়মাসে ফিগো মডেলের ৬০ হাজারেরও বেশি গাড়ি বিক্রি করে ফোর্ড। ওই মডেলের গাড়ির চাহিদা পূর্ববর্তী বছর থেকে ৫০ ভাগেরও বেশি বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২০ ঘ.
bdnews24