চুনচেয়ন, দক্ষিণ কোরিয়া, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়ে দক্ষিণ কোরিয়ায় একটি পর্যটন কেন্দ্রে কমপক্ষে দশজন নিহত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পূর্বদিকে একটি পার্বত্য পর্যটন কেন্দ্রে বুধবার ভোরে ঘটনাটি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় দুটি ছোট হোটেলসহ চারটি ভবন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জন নিহত ও ২০ জন আহত হয়।
মঙ্গলবার রাত থেকে কোরিয়া উপদ্বীপে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। অতিরিক্ত বৃষ্টিপাতে ব্যাপক বন্যা দেখা দেয়।
সিউল থেকে ১শ' কিলোমিটার পূর্ব দিকে চুচেয়ন নামক ওই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। উদ্ধারকর্মীরা সেখানে কাদায় চাপা পড়া বিধ্বস্ত হোটেল, রেস্তোরাঁ ও কফিশপের ধ্বংসাবশেষে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ।
স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ছোট হোটেল দুটিতে প্রায় ৪০ জনের মতো পর্যটক ও ৩৫ জন কলেজছাত্র ছিল।
গত ২৪ ঘন্টায় সিউলে ৪শ' মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে হঠাৎ বন্যায় শহরটি ডুবে যায়।
জরুরি উদ্ধারকর্মীরা জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনায় কমপক্ষে আরো চারজন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৩৯ ঘ.
bdnews24