লন্ডন, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজ কর্পোরেশনের ফোনে আড়িপাতার ঘটনা সামাল দিতে গিয়ে ফেঁসে যাচ্ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া ব্যবসায়ী রুপার্ট মারডকের ছেলে নিউজ কর্পোরেশনের নির্বাহী জেমস মারডক।
ফোনে আড়িপাতা নিয়ে গত সপ্তাহে যুক্তরাজ্যের পার্লামেন্টে সর্বোচ্চ পর্যায়ের শুনানিকালে ৩৮ বছর বয়স্ক জেমস মারডক "বিভ্রান্তিমূলক" সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
যুক্তরাজ্যের লেবার দলীয় নেতা টম ওয়াটসন পুলিশকে অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়েছেন। বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য পুলিশ।
এছাড়া, লেবার দলীয় পার্লামেন্ট সদস্য ক্রিস ব্রিয়ান্ট, জেমস মারডক ও তার ৮০ বছর বয়সী পিতা রুপার্ট মারডককে নিউজ কর্পোরেশেন থেকে ছাঁটাই করার জন্য লিখিতভাবে নিউজ কর্পোরেশনের স্বাধীন পরিচালকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সুষ্ঠুভাবে বহুজাতিক কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে মারডকদের ছাঁটাই করার আহ্বান জানান ব্রিয়ান্ট।
ফোনে আড়িপাতা বিষয়ে পার্লামেন্টের গণমাধ্যম বিষয়ক কমিটির প্রশ্নের উত্তর দিতে গত মঙ্গলবার জেমস ও তার পিতা রুপার্ট মারডক কমিটির সদ্যস্যদের মুখোমুখি হন।
গত শুক্রবার নিউজ ইন্টারন্যাশনালের সাবেক দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা পার্লামেন্টের গণমাধ্যম কমিটির কাছে দেওয়া জেমস মারডকের সাক্ষ্যের সত্যতা সম্পর্কে প্রশ্ন তোলেন।
কমিটির কাছে জেমস নিজেকে নির্দোষ হিসেবে তুলে ধরলেও ওই দুই সাবেক কর্মকর্তা ২০০৮ সালের এক ই- মেইলের সূত্র ধরে জানান, ফোনে আড়িপাতার ঘটনা মিডিয়া কমিটির কাছে দেওয়া জেমসের সাক্ষ্য থেকেও অনেক বেশী বিস্তৃত।
১৩ বছর বয়স্ক মিলি ডৌলার নামে নিখোঁজ এক স্কুল ছাত্রীর লাশ কয়েক মাস পর পাওয়া যায়। মিলি ডৌলার ফোনে ২০০২ সাল থেকে আড়িপাতা হচ্ছে, জুলাই মাসের প্রথম দিকে এ কথা ফাঁস হয়ে গেলে যুক্তরাজ্যের মানুষ নিউজ কর্পোরেশনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
নিউজ কর্পোরেশনের যুক্তরাজ্যের শাখা নিউজ ইন্টারন্যাশনাল, তাদের ট্যাবলয়েড পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড'র জন্য এ ধরনের অপতৎপরতা ২০১১ সালে ঘটনাটি ফাঁস হওয়ার আগ পর্যন্ত চালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৮ ঘ.
bdnews24