কারাকাস, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যান্সারের চিকিৎসায় কিউবায় কেমোথেরাপি নিয়ে দেশে ফিরেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। জুনে কিউবায় টিউমার অপারেশনের পর কেমোথেরাপি নিতে এক সপ্তাহ আগে আবার হাভানায় গিয়েছিলেন শ্যাভেজ।
কেমোথেরাপির প্রথম কোর্স শেষ করে তিনি দেশে ফিরলেন। এর পর আরেক দফা কেমোথেরাপি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। শনিবার দেশে ফিরে একথা জানিয়েছেন শ্যাভেজ।
গত মাসে কিউবার রাজধানী হাভানায় ৫৬ বছর বয়সী শ্যাভেজের দেহে অস্ত্রোপচার করে ক্যান্সার টিউমার অপসারণ করা হয়। ফলে শ্যাভেজ ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার মতো সুস্থ কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে।
শনিবার দেশে ফেরার পর রাজধানী কারাকাসের বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচারিত এক ভাষণে শ্যাভেজ বলেন, "আজ আমার জন্য আনন্দের দিন, সুখের দিন। যাওয়ার সময় যেমন ছিলাম তার চেয়ে অনেক সুস্থ হয়ে ফিরে এসেছি, ইশ্বরকে ধন্যবাদ।"
ক্যান্সারের বিরুদ্ধে লড়ে যাবেন জানিয়ে তিনি বলেন, প্রথম দফা চিকিৎসা সফলভাবে শেষ হয়েছে। ক্যান্সারের ঝুঁকি পুরোপুরি দূর করতে এখনো আরো কয়েক ধাপে চিকিৎসা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫৭ঘ.
bdnews24