সান্ডভোলেন, নরওয়ে, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরওয়ের সবচেয়ে নৃশংস ঘটনায় ৯২ জনকে হত্যার জন্য অভিযুক্ত ডানপন্থী ধর্মীয় উগ্রবাদী অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক তার কৃতকর্মকে "বর্বরোচিত" মনে করলেও একে "প্রয়োজনীয়" বলে দাবী করেছেন।
গ্রেপ্তারের পর আইনজীবীর মাধ্যমে দেওয়া তার প্রথম বক্তব্যে ৩২ বছর বয়স্ক নরওয়েজিয় ব্রেইভিক ওই প্রতিক্রিয়া জানান। এসময় সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ারও ইচ্ছা প্রকাশ করে। আগামী সোমবার তাকে আদালতে হাজির করা হতে পারে।
এদিকে, শুক্রবার উটোইয়া দ্বীপের নির্বিচার গুলি এবং এবং ভবনে বোমা হামলায় আরেকজন অস্ত্রধারী অংশ নিয়েছিল কিনা তা খুঁজে বের করতে রোববার অভিযান শুরু করেছে নরওয়ের পুলিশ। উটোইয়া দ্বীপের নারকীয় হত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে যাওয়া কয়েকজন তরুণ জানিয়েছেন, তাদের মনে হয়েছিল একাধিক দিক থেকে গুলি আসছে। অবশ্য তারা এও বলেছে যে, কোনো কিছুই তারা নিশ্চিত হতে পারছিল না।
গত ২২ জুলাই শুক্রবার ব্রেইভিক নরওয়ের হ্রদমধ্যবর্তী উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির কিশোর রাজনৈতিক কর্মীদের একটি কর্মীশিবিরে স্বংয়ক্রিয় অস্ত্রের গুলিবর্ষণ করে ৮৫ জন কিশোর-কিশোরীকে হত্যা করে। এছাড়া রাজধানী ওসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি ভবনে বোমা বিস্ফোরণে মারা যান ৭ জন।
ব্রেইভিকের আইনজীবী গিয়ার লিপ্পেস্টাড স্বায়ত্বশাসিত টিভি-টু কে শনিবার বিকেলে বলেন, "তিনি বলেছেন তিনি যা করেছেন তা বর্বরোচিত কাজ, কিন্তু তার কাছে মনে হয়েছে এটা করা দরকার ছিল।"
পুলিশ জানিয়েছে, উটোইয়া দ্বীপে নির্বিচার ওই হত্যাকান্ড ঘটানোর পর ব্রেইভিক নিজেকে পুলিশের কাছে সমর্পণ করে। অসলোর বোমা হামলার ঘটনায়ও ব্রেইভিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসলোর সরকারী কার্যালয় এলাকায় উটোইয়া দ্বীপে হামলার কয়েক ঘন্টা আগে ওই বোমা হামলা হয়।
কল্যাণকামী রাষ্ট্র নরওয়ের সর্ব্বোচ্চ শাস্তি ২১ বছরের কারাদন্ড।
পুলিশ জানিয়েছে, নৃশংস এ ঘটনায় নিখোঁজ বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। পুলিশের আশঙ্কা নিখোঁজরা হয়তো নিহত হয়েছেন। পুলিশের অনুমান সত্য হলে দুটি ঘটনায় মোট নিহতের সংখ্যা ৯৮ তে গিয়ে দাঁড়াবে।
নিহতদের নিকট আত্মীয় এবং সমব্যাথীরা উটোইয়া দ্বীপের কাছে সান্দেলভলেনে জড়ো হয়ে রোববার একটি শোক সমাবেশ করার পরিকল্পনা করেছে। এদিকে, অসলোর প্রধান গির্জার কাছে জড়ো হয়ে রোববার সকালে মোমবাতি জ্বালিয়ে নীরব সমাবেশ করে প্রায় ১০০ মানুষ।
অসলোর প্রধান গির্জায় নিহতদের স্মরণে এক প্রার্থনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে দেশটির রাজা হ্যারাল্ডের।
এদিন সকালে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত সেনাদের অস্ত্র হাতে নিয়ে অসলোর সরকারি দপ্তর এলাকার সব পথে প্রতিবন্ধকতা তেরি করে রাখতে দেখা যায়।
নরওয়ের পত্রপত্রিকা ডানপন্থী ধর্মীয় উগ্রবাদী ব্রেইভিক সম্পর্কে তার ফেইসবুক অ্যাকাউন্ট, ইউটিউব পোস্টিং এবং ব্লগের লেখালেখি থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে।
ব্রেইভিক "সাংস্কৃতিক মার্কসবাদীদের" ঘৃণা করেন এবং বিশ্বে ইসলাম ধর্মের ছড়িয়ে পড়া থামাতে তিনি "ক্রুসেড" করতে আগ্রহী। তিনি আগ্নেয়াস্ত্র পছন্দ করেন আর পছন্দ করেন ভারত্তোলন করতে। ওয়েব পোস্টিংও তার পছন্দের কাজ বলে জানিয়েছেন তার পরিচিত ও সরকারী কর্মকর্তারা।
ইউটিউবে পোস্ট করা ব্রেইভিকের এক ভিডিওতে তার বেশ কিছু ছবি দেখা যায়। এরকম এক ছবিতে তাকে নেভি সিল ধরনের স্কুবা ডাইভিংয়ের পোশাক পরা অবস্থায় একটি স্বংয়ক্রিয় আগ্নেয়াস্ত্র তাক করে থাকতে দেখা যায়।
ছবির নীচে দেওয়া ক্যাপশনে লেখা আছে, "আমাদের ধর্মযুদ্ধ শুরু করার আগে আমাদের অবশ্যই সাংস্কৃতিক মার্কসবাদীদের ব্যাপক সংখ্যায় হত্যা করতে হবে"।
শনিবার ইউটিউব ওয়েবসাইটে "নাইট টেম্পলার ২০৮৩" নামের ওই ভিডিওটি আপলোড করা হয়। তবে কে বা কারা ভিডিওটি আপলোড করেছে তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৫২৪ ঘ.
bdnews24