২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ঘুষ দেওয়ার কথা জানতেন কুলসন?

কেলেঙ্কারি জর্জরিত নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসন পুলিশ কর্মকর্তাদেরকে ঘুষ দেওয়ার বিষয়টি জানতেন- এমন সন্দেহই ঘনীভূত হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তকারীদের হাতে আসা গোপন অর্থনৈতিক রেকর্ড থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

লন্ডন, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেলেঙ্কারি জর্জরিত নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসন পুলিশ কর্মকর্তাদেরকে ঘুষ দেওয়ার বিষয়টি জানতেন- এমন সন্দেহই ঘনীভূত হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তকারীদের হাতে আসা গোপন অর্থনৈতিক রেকর্ড থেকে। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিক ক্লিভ গুডম্যানের সঙ্গে কুলসনের চালাচালি হওয়া ই-মেইলে কোন পুলিশ কর্মকর্তাকে কত অর্থ দেওয়া হয়েছে তার তালিকা পেয়েছে তদন্তকারীরা। এ থেকেই ধারণা করা হচ্ছে, কুলসন ঘুষ দুর্নীতি সম্পর্কে জানতেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন এক সূত্রে এ খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। লন্ডনের একটি ল ফার্মের তৈরি করা দলিলে আছে এই ই-মেইল এবং তহবিলের রেকর্ড। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিকদের ফোন হ্যাকিং এর অভিযোগ খতিয়ে দেখতে ৪ বছর আগে ফার্মটি ভাড়া করে নিউজ ইন্টারন্যাশনাল। গুডম্যানসহ নিউজ অব দ্য ওয়ার্ল্ডের আরেকজন কর্মী গ্লেন মুলকাইর ব্রিটেনের রাজপরিবারের লোকজনদের ভয়েসমেইল চুরি ও ফোনে আড়িপাতার অভিযোগে গ্রেপ্তার হওয়া এবং দোষী সাব্যস্ত হওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু হয়। গুডম্যান ও গ্লেন দুজনেরই কয়েকমাসের জেল হয়েছিলো। সূত্র জানায়, ব্রিটিশ রাজপরিবারের লোকজনদের ফোন নাম্বারসহ গোপন তথ্য পাওয়ার জন্য পুলিশকে ঘুষ দেওয়ার বিষয়টি নিয়ে কুলসন এবং গুডম্যানের মধ্যে চিঠি চালাচালি হওয়ার আলামত পাওয়া গেছে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক মুখপাত্র কুলসন বরাবরই ফোন হ্যাকিং এবং ঘুষ দুর্নীতির ব্যাপারে কিছু জানা থাকার কথা অস্বীকার করে আসছেন। ক্যামেরন বুধবার পার্লামেন্টে বলেছেন, তিনি কুলসনকে বিশ্বাস করেই তাকে মুখপাত্র নিয়োগ করেছিলেন। কিন্তু কুলসন তাকে ফোন হ্যাকিং কেলেঙ্কারির ব্যাপারে মিথ্যা বলে থাকলে তিনি আন্তরিকভাবে এর জন্য ক্ষমা চাইবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৫ঘ.