২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়লে দেশে থাকতে পারবেন গাদ্দাফি: ফ্রান্স

পাঁচমাস ধরে চলতে থাকা লিবিয়ার গৃহযুদ্ধের কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়ে ফ্রান্স জানিয়েছে ক্ষমতা ছাড়লে গাদ্দাফি লিবিয়ায় অবস্থান করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 09:03 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

প্যারিস, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাঁচমাস ধরে চলতে থাকা লিবিয়ার গৃহযুদ্ধের কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়ে ফ্রান্স জানিয়েছে ক্ষমতা ছাড়লে গাদ্দাফি লিবিয়ায় অবস্থান করতে পারবেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপ্পে বুধবার জানিয়েছেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ালে গাদ্দাফিকে লিবিয়ায় থাকতে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে পশ্চিমা শক্তিগুলো। ফরাসি এলসিআই টেলিভিশনকে জুপ্পে জানান, আব্দুল ইলাহ আল খতিব নামে জাতিসংঘের এক দূত গাদ্দাফি শিবিরের সাথে যোগাযোগে সহযোগিতা করছে। "আমি আবারো বলতে চাই একটি শর্তে গাদ্দাফি লিবিয়ায় অবস্থান করতে পারবেন আর তা হচ্ছে, লিবিয়ার রাজনীতি থেকে গাদ্দাফিকে পরিষ্কারভাবে দূরে থাকতে হবে", বলেন জুপ্পে। তিনি আরো বলেন, "আনুষ্ঠানিকভাবে গাদ্দাফি তার সামরিক ও বেসামরিক ভূমিকা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেই কেবল যুদ্ধবিরতি শুরু করা যেতে পারে"। ফ্রান্সের দৃষ্টিভঙ্গির সাথে যুক্তরাষ্ট্র একমত কিনা, এ প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি বলেন, "প্রথমত ক্ষমতা থেকে গাদ্দাফিকে সরে দাঁড়াতে হবে, তারপর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে লিবিয়ার জনগণ"। তবে, ফ্রান্সের প্রস্তাব সাথে সাথেই প্রত্যাখ্যান করেছেন গাদ্দাফি সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুলাতি ওবেইদি। ৪১ বছর ক্ষমতায় থাকার পর গাদ্দাফির ক্ষমতা ত্যাগের প্রশ্নটি কোনো আলোচনার বিষয় নয় জানিয়ে ফ্রান্সের প্রস্তাব উড়িয়ে দেন মস্কো সফররত ওবেইদি। এদিকে, লিবিয়ার রাজধানী ত্রিপোলির দিকে এগোনোর চেষ্টারত বিদ্রোহীরা তেল সমৃদ্ধ শহর ব্রেগা দখলের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। রাজধানীতে যেতে বিদ্রোহীদের অবশ্যই শহরটির দখল নিতে হবে। বিদ্রোহী নিয়ন্ত্রিত আজদাবিয়া শহরের আজদাবিয়া হাসপাতালের ডাক্তার সারাহাত আত্তা আলাহ্ বুধবার রয়টার্সকে জানান, ব্রেগায় গাদ্দাফি অনুগতদের সাথে বিদ্রোহীদের সংঘর্ষে ১৮ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে ও দেড়শ' বিদ্রোহী যোদ্ধা আহত হয়েছে। বুধবারের যুদ্ধকে তিনি বিদ্রোহীদের জন্য বিপর্যয় বলে বর্ণনা করেন। এরআগে বিদ্রোহীরা জানিয়েছিল, তারা চারদিক থেকে ব্রেগা ঘেরাও করে ফেলেছে। কিন্তু যুদ্ধরত বিদ্রোহী যোদ্ধারা জানান, তারা গাদ্দাফি অনুগতদের প্রবল গোলাবর্ষণের শিকার হচ্ছেন। ওদিকে, ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মিসরাতায়ও গাদ্দাফি অনুগতদের সাথে বিদ্রোহীদের প্রবল লড়াই হয়েছে। মিসরাতার আল হিকমা হাসপাতালে কর্মরতরা জানান, লড়াইয়ে সাত বিদ্রোহী নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছেন। এরআগে, গাদ্দাফি অনুগত এক সেনার মৃত্যুর কথাও জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫২ ঘ.