প্যারিস, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে ফরাসি এক লেখিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তদন্তে কানের মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিচার বিভাগীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
ত্রিস্তান ব্যানোন নামের ওই ফরাসি লেখিকা স্ট্রস-কানের মেয়ে ক্যামিলি স্ট্রস-কানের বান্ধবী।
ওই ঘটনায় ক্যামিলির মা ও কানের সাবেক স্ত্রী ব্রিগেট গিলমেটকেও শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে অপর এক সূত্র জানিয়েছে।
ত্রিস্তান ব্যানোনের অভিযোগ, ২০০৩ সালে কানের সাক্ষাৎকার নিতে প্যারিসে তার ফ্ল্যাটে গেলে কান তাকে ধর্ষণের চেষ্টা চালান।
নিউ ইয়র্কের এক হোটেল পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চলতি বছরের ১৪ মে গ্রেপ্তার হন কান। আর ১৬ মে এই অভিযোগ করেন ব্যানোন।
ব্যানোন জানান, এ অভিযোগে মামলা করা হলে তা সফল হবে না বলে সবাই বলেছিল। তাই আট বছর আগে এ ঘটনা ঘটলেও তখন তিনি মামলা করেন নি।
কিন্তু নিউ ইয়র্কে হোটেল পরিচারিকা ধর্ষণ প্রচেষ্টার অভিযোগের পর তার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা বিচারের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশা করেন ব্যানোন।
এদিকে কান যে কোন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো ফরাসি লেখিকা মিথ্যা অভিযোগ করেছেন দাবি করে পাল্টা মামলা করেছেন কান।
হোটেল পরিচারিকা ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় অভিযোগকারীর প্রমাণ নিয়ে প্রশ্ন ওঠায় ১ জুলাই সাবেক আইএমএফ প্রধানকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে।
ফরাসি আইন অনুয়ায়ী, ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর কারাদন্ডের বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.
bdnews24