২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সেন্ট্রিফিউজ বসাচ্ছে ইরান

পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে মঙ্গলবার নতুন সেন্ট্রিফিউজ বসানোর কথা ঘোষণা করেছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 07:05 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

তেহরান, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে মঙ্গলবার নতুন সেন্ট্রিফিউজ বসানোর কথা ঘোষণা করেছে ইরান। এর মধ্য দিয়ে ইরান স্পষ্টতই উস্কানি দিচ্ছে বলে নিন্দা জানিয়েছে ফ্রান্স। এর আগে ইরানের সেন্ট্রিফিউজ বসানো নিয়ে রয়টার্স যে খবর ছেপেছিলো তা-ই এ ঘোষণায় নিশ্চিত করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রহিম মেহমানপারাস্ত। গত সপ্তাহের ওই খবরে বলা হয়েছিলো, ইরান একটি পরমাণু গবেষণা কেন্দ্রে বহুল পরিমাণে ইউরেনিয়াম পরিশোধনের জন্য দুই বা ততোধিক অত্যাধুনিক মডেলের সেন্ট্রিফিউজ বসাচ্ছে। মেহমানপারাস্ত বলেন, "নতুন সেন্ট্রিফিউজ বসানোর মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি আরো মানসম্মতভাবে দ্রুত এগিয়ে নেওয়া যাবে।" এ উদ্যোগ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সফল হওয়ারই লক্ষণ বলে মন্তব্য করেন তিনি। কিন্তু ইরানের এ পদক্ষেপে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সন্দেহ আরো বাড়বে। ইরান পরমাণু শক্তি উৎপাদনের জন্য একের পর এক অত্যাধুনিক সেন্ট্রিফিউজ বসাতে পারলে তারা খুব অল্প দিনেই বেসামরিক ও সামরিক প্রয়োজনে পরমাণু শক্তি সঞ্চয় করে ফেলতে পারবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সন্দেহ, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যেই এ কর্মসূচি চালানো হচ্ছে বলে দাবি করেছে ইরান। বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০২০