২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্ডকের পত্রিকায় তার মৃত্যুর খবর! ভিডিও

যা ছিলো সাম্রাজ্য গড়ে তোলার অস্ত্র, এবার তারই শিকার হতে হলো রুপার্ট মার্ডককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 05:00 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

লন্ডন, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ট্যাবলয়েড পত্রিকা দ্য সান-এর ওয়েবসাইট খুলে মঙ্গলবার চমকে উঠতে হয়েছিলো অনেককে। কারণ পত্রিকাটির প্রধান খবরই ছিলো মালিক রুপার্ট মার্ডকের মৃত্যুর খবর। পরে অবশ্য জানা গেলো, খবরটি সত্যি নয়। হ্যাকড হয়েছিলো সান-এর ওয়েবসাইট। ফোন হ্যাকিং নিয়ে চাপের মধ্যে থাকা মার্ডককে নিয়ে এ রসিকতা করেছে লুলজ সিকিউরিটি নামে হ্যাকারদের একটি দল। এর আগে এ দলটি সনি কর্পোরেশন, সিআইএ, ফক্স টিভির ওয়েবসাইটও হ্যাক করেছিলো। লুলজ কর্পোরেশন প্রথমে টুইটারে একটি খবর দেয় যে তারা সান ও নিউজ অফ দ্য ওয়ার্ল্ড কিনে নিয়েছে। এ খবর শুনে সবাই সান-এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পান 'মিডিয়া মোগলের মৃতদেহ উদ্ধার' শিরোনামের খবর। পাশে মার্ডকের ছবি। ওয়েবসাইট হ্যাকড হয়েছে দেখে তড়িঘড়ি কাজে নামে সান-এর কর্তাব্যক্তিরা। কিছু সময়ের মধ্যেই ওয়েবসাইটটি আগের অবস্থায় ফেরত আনা হয়। যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত ট্যাবলয়েড দৈনিক সান এর প্রকাশনা কর্তৃপক্ষ নিউজ কর্পোরেশনের মালিক মার্ডক এখন বেশ চাপে আছেন। ফোন হ্যাকিংয়ের দায় মাথায় নিয়ে বন্ধ করে দিতে হয়েছে বহুল প্রচারিত সাপ্তাহিক 'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'। ক্ষমাও চাইতে হয়েছে তাকে। দাঁড়াতে হচ্ছে পার্লামেন্ট সদস্যদের সামনে। যে হ্যাকিং ছিলো মার্ডকের অস্ত্র এবার তাকেই হতো হলো তার শিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৫২ ঘ.