আম্মান, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকরা রাজধানী দামেস্কে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দূতাবাসে হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দামেস্কে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, বিক্ষুব্ধ এক দল মানুষ দূতাবাসে হামলা চালিয়েছে।
তিনি জানান, এতে কেউ হতাহত হয়নি। তবে দূতাবাস ভবনের কিছু ক্ষতি হয়েছে। বিক্ষুব্ধরা ভবনের জানালা ভেঙেছে এবং সেখানে সিরিয়ার জাতীয় পতাকা উড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা দামেস্কে ফরাসি দূতাবাসে হামলা চালাতে গেলে নিরাপত্তারক্ষীরা ফাঁকা গুলি ছোড়ে।
সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের সবচেয়ে বড় এলাকায় পরিণত হওয়া হামা শহরে মার্কিন ও ফরাসি রাষ্ট্রদূতের সফরের তিনদিন পর সেখানে পশ্চিমা এ দেশ দুটির দূতাবাসে হামলা চালিয়েছে প্রেসিডেন্ট সমর্থকরা।
মানবাধিকার গ্রুপগুলো বলছে, সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত অন্তত এক হাজার চারশ' বেসামরিক মানুষ নিহত হয়েছে।
আরব বিশ্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত হয়ে মার্চের মাঝামাঝি সময়ে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ১১ বছরের শাসনাবসানের দাবিতে বিক্ষোভ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০০৭ ঘ.
bdnews24