লস এঞ্জেলেস, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে মোটাদের রাজ্য মিসিসিপি। স্থুলতার হার এ রাজ্যেই সবচেয়ে বেশি। ৩৪ দশমিক ৪ শতাংশ।
আর মোটা মানুষের সংখ্যা সবচেয়ে কম কলোরাডোতে। সেখানে স্থুলতার হার ১৯ দশমিক ৮ শতাংশ। এটিই একমাত্র রাজ্য যেখানে স্থুলতার হার ২০ শতাংশের কম।
ট্রাস্ট ফর আমেরিকা'স হেলথ এবং 'রবার্ট উড জনসন ফাউন্ডেশন' এর 'এফ এ্যাজ ইন ফ্যাট' শীর্ষক বার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৬ টি প্রদেশে গত বছর প্রাপ্তবয়স্কদের মধ্যে মোটা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এর ফলে বেশ কয়েকটি রাজ্যে স্থূলতার হার শতকরা ৩০ ভাগ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মিসিসিপিতে এ হার দাঁড়িয়েছে সর্বোচ্চে।
অন্যদিকে, চার বছর আগে যুক্তরাষ্ট্রের মাত্র একটি প্রদেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে স্থূলতার হার ছিল শতকরা ৩০ ভাগের উপরে। অন্য যেসব রাজ্যে স্থূলতার হার ক্রমাগত বাড়ছিল সেসব জায়গায় এখন এ হার কমছে।
'ট্রাস্ট ফর আমেরিকাস হেলথ' এবং 'রবার্ট উড জনসন ফাউন্ডেশন' মানুষের ওজন এবং উচ্চতার অনুপাতে স্থূলতার হার নির্ণয় করেছে।
ট্রাস্ট ফর আমেরিকা'স হেলথ এর নির্বাহী পরিচালক জেফ লেভি বলেন, গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের জনগণ বেশি পরিমাণে কম পুষ্টিকর খাবার খাচ্ছে। কাজকর্মও করছে কম।
স্থূলতার হার কমাতে হলে ইচ্ছা শক্তিই যথেষ্ট নয়। এক্ষেত্রে স্বাস্থ্যকর খাবারগুলো মানুষের জন্য সহজলভ্য করতে হবে বলে মন্তব্য করেন লেভি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৭ ঘ.
bdnews24