২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতে এইডসের ওষুধ তৈরি বন্ধ হলে মারা যাবে লাখো মানুষ'

ভারত এইডসের চিকিৎসায় ব্যবহৃত স্বল্পমূল্যের জেনেরিক ওষুধ উৎপাদন বন্ধ করে দিলে বিশ্বের লাখ লাখ মানুষ মারা যাবে বলে সতর্ক করেছে এইডস বিষয়ক জাতিসংঘের যৌথ কর্মসূচি (ইউএনএইডস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

নয়াদিল্লি, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত এইডসের চিকিৎসায় ব্যবহৃত স্বল্পমূল্যের জেনেরিক ওষুধ উৎপাদন বন্ধ করে দিলে বিশ্বের লাখ লাখ মানুষ মারা যাবে বলে সতর্ক করেছে এইডস বিষয়ক জাতিসংঘের যৌথ কর্মসূচি (ইউএনএইডস)। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারত বর্তমানে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। এ চুক্তি হলে ভারতের অ্যান্টি রিট্রোভাইরাল (এআরভি) ওষুধ উৎপাদনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এতে বিশ্বের দরিদ্র জনগণ নিজেদের চিকিৎসায় স্বল্পমূল্যে ওষুধ ব্যবহারের সুযোগ পাবেন না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউএনএইডস'র নির্বাহী পরিচালক মিশেল সিদিবে বলেন, "ভারতের উচিত এ ধরনের কোনো ছাড়ের বিরোধিতা করা। কারণ কোনো বাণিজ্যচুক্তির কারণে ভারত ওষুধ উৎপাদন করতে সক্ষম না হলে পুরো বিশ্বের জন্য তা ভয়াবহ হবে।" সারাবিশ্বে এইডসের চিকিৎসা গ্রহণকারী প্রায় ৮৬ শতাংশ ব্যক্তি ভারতের তৈরি ওষুধ গ্রহণ করছে জানিয়ে তিনি বলেন, "ভারত ওষুধ উৎপাদন করতে না পারলে লাখ লাখ মানুষ মারা যাবে এবং এক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা। আমার কাছে এটি হচ্ছে জীবন-মৃত্যুর ইস্যু।" ইইউ-ভারত বাণিজ্য চুক্তির মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা ওষুধ স্বত্বের শর্তের কারণে জেনেরিক ওষুধের উৎপাদনে বিলম্ব ঘটাতে পারে বা বিধিনিষেধ আরোপ করতে পারে । গত বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, এ ধরনের উদ্যোগের ফলে ভারতের অ্যান্টি-রিট্রোভাইরাল চিকিৎসার ব্যয় বাড়তে পারে, ওষুধের পরিমাণ নিয়ন্ত্রিত হতে পারে এবং নতুন ও উন্নততর ওষুধ পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে। সিদিবে বলেন, "দরিদ্র জনগোষ্ঠী যাতে চিকিৎসা পায় তার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি আমরা। আমার মতে, এ চুক্তিটি হবে সামাজিক ন্যয়বিচার ও সুযোগের পুনর্বন্টনে আমাদের অর্জিত সফলতা নষ্টের সূচনা।" মানসম্পন্ন জেনেরিক ওষুধ তৈরি বাধাগ্রস্ত হয় এমন যেকোন ধরনের চুক্তির ব্যাপারে সজাগ থাকার জন্য ভারতের প্রতি আফ্রিকার দেশগুলোর নেতারা আহ্বান জানাচ্ছেন বলেও সিদিবে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৪ ঘ.