২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়ার পথ খুঁজছেন গাদ্দাফি: রুশ পত্রিকা

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা ছেড়ে দেওয়ার পথ খুঁজছেন। রাশিয়ার 'কোমারসান্ট' পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ত্রিপোলি, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা ছেড়ে দেওয়ার পথ খুঁজছেন। রাশিয়ার 'কোমারসান্ট' পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। রাশিয়ার ঊর্ধ্বতন এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, গাদ্দাফি নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে ক্ষমতা ছেড়ে দিতে ইচ্ছুক। ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, "গাদ্দাফি ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দিচ্ছেন। নিরাপত্তর নিশ্চয়তার বিনিময়ে ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত বলেও জানান দিচ্ছেন তিনি।" ফ্রান্সসহ অন্যান্য কয়েকটি দেশ গাদ্দাফিকে এ নিশ্চয়তা দিতে চায় বলেও প্রতিবেদনে জানানো হয়। এতে এও বলা হয় যে, গাদ্দাফি চান তিনি পদত্যাগ করলে তার ছেলে সাঈফ আল ইসলামকে নির্বাচন পরিচালনার অনুমতি দেওয়া হোক। তবে রুশ পত্রিকার এ খবর লিবিয়ার সরকার অস্বীকার করেছে। গাদ্দাফির ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে কোনোরকম আলাপ আলোচনা চলার কথাও তারা পুরোপুরি অস্বীকার করেছে। লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম রয়টার্সকে বলেন, "গাদ্দাফি ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর জন্য সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন অথবা তিনি দেশে বা দেশের বাইরে নিরাপদ আশ্রয় খুঁজছেন- এ সম্পর্কিত তথ্য পুরোপুরি বানোয়াট।" "গাদ্দাফি আলোচনার বস্তু নন। এটাই আমাদের নীতিগত অবস্থান। লিবিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে লিবীয়রাই। গাদ্দাফি এক ঐতিহাসিক প্রতীক। লিবিয়াবাসী তার জন্য জীবন দিয়ে দেবে," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/২২০৮ ঘ.